প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদ নিয়ে সৃষ্ট সংকটের সমাধানের দাবিতে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রায় আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে তারা সরকারের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, চুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে উল্লেখ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচির প্রতি তারা সমর্থন জানাচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ করেছিলেন। তবে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তাদের দাবি, চুয়েটে সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে এবং দ্রুত উপাচার্যসংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসলেও সরকারের কোনো পক্ষ থেকে তারা সাড়া পাননি। এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কমিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেও তা সংকট সমাধানে ফলপ্রসূ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চুয়েট শিক্ষার্থী বলেন, “আমরা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করতে চাই। সংকট সমাধানে সরকার কেন উদ্যোগ নিচ্ছে না, তা জানতে চাই। এভাবে একটি বিশ্ববিদ্যালয় আর কতদিন চলতে পারে?”
এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় ভিসি পদে বহাল রাখার দাবি থেকে সরে আসার কথা জানান। একই সঙ্গে তারা চুয়েটের ভেতর থেকেই একজন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। তবে অধ্যাপক শেখ শরীফুল আলমকে কোনোভাবেই উপাচার্য হিসেবে মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা।
তাদের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন। ছাত্রদল নেতাদের নিয়ে তিনি তালা ভেঙে কক্ষে প্রবেশ করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা তাকে মানব না। তিনি শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করেছেন।”
এদিকে, চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সংগঠন চুয়েট শিক্ষক সমিতি। বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিকে তারা সমর্থন করে না। একই সঙ্গে চুয়েটের একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে তারা। এ দাবিতে আগামী রোববার মৌন মিছিলের আয়োজন করেছে শিক্ষক সমিতি।
চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। দিন দিন এই সংকট প্রকট আকার ধারণ করছে।”
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।
পরবর্তীতে গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে রাখেন। এরপরও অচলাবস্থার নিরসন না হওয়ায় প্রায় এক মাস পর গত বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন তারা।
গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দাবিতে পরিবর্তন দেখা যায়। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে এলেও এবার চুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে একমত হয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন