প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিভার মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা এবং শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পাদন করে। তাই লিভারের সুস্থতা বজায় রাখতে খাবারের প্রতি সচেতনতা অপরিহার্য। তবে, শুধুমাত্র একটি বিশেষ খাবার খেলে লিভার পরিষ্কার বা ক্ষতিগ্রস্ত লিভার সেরে যাবে—এমন ধারণা সঠিক নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই লিভারের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্প্রতি ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি লিভারের জন্য কোন খাবার ও পানীয় উপকারী, তা নিয়ে বিভিন্ন খাবার ও অভ্যাসের মূল্যায়ন করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার ও অভ্যাসের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা এবং শরীর পরিষ্কারের নামে প্রচারিত বিভিন্ন পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার মতে, "আপনার লিভারের আলাদা করে ডিটক্স করার প্রয়োজন নেই। লিভার নিজেই শরীরের ডিটক্সের কাজ করে।"
অন্যদিকে, ব্ল্যাক কফিকে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন। তার মতে, নিয়মিত কফি পান করলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমতে পারে। এছাড়া, লিভারের ক্যানসারের ঝুঁকিও কম থাকার সঙ্গে কফি পানের সম্পর্ক পাওয়া গেছে।
লিভারের সুস্থতায় ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্বও তিনি উল্লেখ করেছেন। এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে। চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। পাশাপাশি, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খেতে বলেছেন তিনি। তার মতে, আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন চিকিৎসক। তিনি বলেন, এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।
অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, ফ্যাটি লিভার সারানোর ক্ষেত্রে অশ্বগন্ধার কার্যকারিতার প্রমাণ নেই। বরং বিরল কিছু ক্ষেত্রে এ ধরনের সম্পূরক গ্রহণের কারণে লিভারের ক্ষতির ঘটনা ঘটেছে।
অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
এর আগে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন জীবনের পাঁচটি সাধারণ অভ্যাস নিয়েও সতর্ক করেছিলেন চিকিৎসক সৌরভ শেঠি। তার মতে, শৌচাগারে বসে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। কারণ এতে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়াও পাইলসের সমস্যা বাড়াতে পারে এবং শরীরের নিচের অংশের পেশিতে জটিলতা তৈরি করতে পারে।
তিনি শিমজাতীয় খাবার এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এসব খাবারে থাকা আঁশ অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। শিম ও অন্যান্য ডালজাতীয় খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।
চিকিৎসক আরও বলেন, প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সুস্থ, তা নিশ্চিত নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হওয়া—এসব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।
এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করলে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি হেলথ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন