ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ৩৬, হাসপাতালে ভর্তি ৭১ জন


মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ৩৬, হাসপাতালে ভর্তি ৭১ জন

মানিকগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সদর হাসপাতালে ৬ জন এবং হরিরামপুরে ৫ জন। এছাড়া সাটুরিয়ায় ৪ জন ও ঘিওরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বেসরকারি হাসপাতাল মুন্নু মেডিকেল কলেজে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন রোগী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হাসপাতালে ৫৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২২৬ জনসহ মোট ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল আজিজ মন্তব্য করেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।”

তিনি আরও বলেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: রাজবাড়ী জেলা কারাগারে হাজতি নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি উল্লেখ করেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে এই তারিখ চূড়ান্ত করা হবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করেনি। ভোটের তারিখ ঘোষণা সম্পর্কে সরকার কিছুই জানে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন পরিচালনার। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা বা আইন-শৃঙ্খলা কমিটি, এ ধরনের সভা করার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমার নতুন স্বামী ধনকুবের ক্যামেরন ও'রাইলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমার নতুন স্বামী ধনকুবের ক্যামেরন ও

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন জীবনসঙ্গী হলেন আইরিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ধনকুবের এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান-প্রধান ক্যামেরন ও'রাইলি। কিছুদিন গোপনীয়তা বজায় রাখার পর, গত সপ্তাহান্তে একটি পারিবারিক অনুষ্ঠানে ৫২ বছর বয়সী জেমাইমা এবং ৬২ বছর বয়সী ক্যামেরন একে অপরের হাত ধরেন। জেমাইমার ভাবি জেমাইমা জোন্স সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের উৎসবের ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেম থেকে বিয়ে

জানা গেছে, চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরির ক্ষেত্রে পারস্পরিক পেশাগত সম্পর্কের সূত্র ধরেই তাদের পরিচয় ঘটে। গত এক বছর ধরে ডেটিং করার পর চলতি বছরের শুরুতে তারা আংটি বদল করেন। অবশেষে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের নতুন অধ্যায়ের সূচনা হলো। ১৯৯৫ সালে পাকিস্তানের তৎকালীন জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানের সাথে বিয়ের পর দীর্ঘ ৯ বছর সংসার করেন জেমাইমা। ২০০৪ সালে বিচ্ছেদের আগে তাঁদের ঘরে সুলাইমান ও কাসিম নামে দুই পুত্রসন্তান জন্ম নেয়।

কে এই ক্যামেরন ও'রাইলি?

ক্যামেরন ও'রাইলি একজন প্রভাবশালী আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী, ফাইন্যান্সিয়ার এবং এক্সিকিউটিভ প্রযোজক। অস্ট্রেলিয়া ও ইউরোপজুড়ে তাঁর বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য রয়েছে। তিনি আয়ারল্যান্ডের বিখ্যাত প্রয়াত মিডিয়া টাইকুন ও সাবেক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও'রাইলির সুযোগ্য সন্তান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর ক্যামেরন আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক 'গোল্ডম্যান স্যাক্স'-এ কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে প্রযুক্তি ও স্মার্ট-মিটারিং খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে তিনি 'বায়ার্ড ক্যাপিটাল' প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে জাপানি টেক-জায়ান্ট তোশিবা প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলারে এই প্রতিষ্ঠানটি কিনে নেয়।

জেমাইমার নতুন স্বামী ক্যামেরন অস্ট্রেলীয় গণমাধ্যম প্রতিষ্ঠান 'এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া'র (বর্তমান এআরএন মিডিয়া) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন চলচ্চিত্র ও তথ্যচিত্রে এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

ক্যামেরন এর আগে ইলসে ও'রাইলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। প্রায় দুই দশকের দাম্পত্য জীবন শেষে ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তার চার সন্তান রয়েছে।

জেমাইমা গোল্ডস্মিথের নিজস্ব পরিচয়

জেমাইমা সাবেক স্বামীর রাজনৈতিক পরিচয়ের বাইরে সাংবাদিকতা, মানবাধিকার সচেতনতা এবং চলচ্চিত্র নির্মাণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান 'ইনস্টিনক্ট প্রডাকশনস'-এর প্রতিষ্ঠাতা। খ্যাতনামা ভারতীয় পরিচালক শেখর কাপুরের 'হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?' চলচ্চিত্রের চিত্রনাট্য ও প্রযোজনার কাজ করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। এছাড়াও তিনি 'দ্য নিউ স্টেটসম্যান' ও 'ভ্যানিটি ফেয়ার'-এর মতো জনপ্রিয় বিশ্বমানের পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

সফরের জন্য পাঁচটি ভেন্যু এবং তিনটি কর্মসূচি নিয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে, জানালেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফরের সময় প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি ২০০ অতিরিক্ত পুলিশ সদস্যও দায়িত্ব পালন করবেন।

সফরের আগে সোমবার দুপুরে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, "রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।" সফরকালে রাষ্ট্রপতি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচির জন্য পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন।

দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফর শেষে রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সবুজ বাংলাদেশ গড়তে গাছের যত্ন নাও’-কালকিনিতে ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


‘সবুজ বাংলাদেশ গড়তে গাছের যত্ন নাও’-কালকিনিতে ইউএনও

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতেও গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি ও রেড ক্রিসেন্ট কালকিনি উপজেলা ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা গাছগুলো বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, “সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে আমরা কালকিনিতে এই কর্মসূচির সূচনা করলাম। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তোমরা এই গাছগুলোর যত্ন নেবে।”

তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%