প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হক। সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) মো. এমদাদুল হক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, "মাদক সমাজের একটি ক্যানসার। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে হবে।" তিনি সমাজের আশপাশে যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চোখে পড়ে, তাহলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, "মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, "মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নানা সংকটের মুখে পড়ে।" তিনি উল্লেখ করেন যে, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক সাজেদুল হক বলেন, "নিজের চোখে তিনি দেখেছেন, একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়।" তিনি সতর্ক করেন যে, এর প্রভাব শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সমাজেও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও কর্মমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের সভাপতি ও অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে নারকেল ও সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল, মাদকমুক্ত ও সমাজ উন্নয়নে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন