০৭:৪৪ পি.এম
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইরানকে আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালিটি খুলে দেওয়ার জন্যও আহ্বান করেছেন।
গত সোমবার, ১০ আগস্ট, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একটি টেলিফোনালাপকালে আলোচনা করেন। ওই ফোনালাপে, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংঘাতের অবসান ঘটাতে ইরানকে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে বলছেন।
আরও পড়ুন: স্পেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করল যুবদল
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাগচির সঙ্গে ফোনালাপে আমি ইরানকে আঞ্চলিক প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি, যাতে চলমান সংঘাতের অবসান ঘটানো যায়।’
হরমুজ প্রণালির বিষয়ের গুরুত্বপূর্ণ দিকটিও ফোনালাপে উঠে আসে। ভাদেফুল বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই খুলে দিতে হবে এবং সবার জন্য অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।’
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায় এবং প্রণালিটির নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। তেহরান আগেই জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু নিশ্চয়তা প্রয়োজন। অন্যদিকে, ওয়াশিংটন প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে। এই পরিস্থিতিতে, জার্মানি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন