প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি বাজার এলাকায় প্রায় ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের প্রস্তুতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই পাহাড়ের একটি অংশ কেটে বসতঘর ও মার্কেট নির্মাণের জন্য জায়গা তৈরি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিলছড়ি বাজারে ব্র্যাক অফিসের পেছনের এলাকায় ডাকনাম প্রকাশ সাজু (৩০) নামের এক ব্যক্তির নেতৃত্বে পাহাড় কাটার কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে পাহাড়ের একটি বড় অংশ কেটে মাটি সরিয়ে স্থাপনা নির্মাণের উপযোগী জায়গা তৈরির চেষ্টা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের একটি অংশ কেটে সমতল করার কাজ চলছে। সেখানে কয়েকজন শ্রমিক মাটি সরানোর কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়দের দাবি, স্থাপনা নির্মাণের উদ্দেশ্যেই পাহাড়ের মাটি কেটে জায়গা তৈরি করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে পাহাড়ের স্বাভাবিক গঠন পরিবর্তন করা হলে বর্ষা মৌসুমে মাটিক্ষয় ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে আশপাশের বসতবাড়ি ও মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। এতে মাটিক্ষয়, ভূমিধস ও পরিবেশগত নানা ঝুঁকি তৈরি হয়।
স্থানীয় সচেতন বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার কাজ বন্ধ এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, পাহাড় কাটার অনুমোদন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র যাচাই এবং অনুমোদন না থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে প্রকাশ সাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া পাহাড় কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাও জানান, পাহাড় কাটা পরিবেশ ও জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন