প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে চিরতরে নিষ্ক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখার অভিযোগও তুলেছেন।
শুভেন্দুর দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষেরা বহিরাগত হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পূর্ববর্তী সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাওড়ার কাজীপাড়ায় ছটপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, তিনি পশ্চিমবঙ্গের মানুষের সংস্পর্শ থেকে নাস্তিক কমিউনিস্ট ও জামাতপন্থি তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার জন্য কাজ করবেন। তিনি এই দলগুলো যাতে আর কখনো রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে উদ্যোগী হওয়ার কথাও জানান।
বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের সমালোচনা করে শুভেন্দু বলেন, কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও ধর্মীয় পরিচয় ও হিন্দু সংস্কৃতির প্রসঙ্গ এলেই পিছিয়ে যান। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দুধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হতো। তবে বর্তমানে এ ধরনের পরিস্থিতি আর নেই বলেও দাবি করেন তিনি।
বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে প্রচারের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত বলা হয়েছে। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদর করে রাখা হয়েছে। তিনি গত ১৫ বছরে তৃণমূলের বিরুদ্ধে ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগও তোলেন। তবে এই অভিযোগের পক্ষে অনুষ্ঠানে কোনো নথি বা বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি।
সংখ্যালঘুদের সমর্থন প্রসঙ্গে শুভেন্দু নন্দীগ্রামের উপনির্বাচন এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয়ের উদাহরণ দেন। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপির প্রতি মানুষের সমর্থন রয়েছে।
এদিকে বাঁকুড়ার রায়পুরে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা দেন। তিনি জানান, গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয় হয়েছে। চলতি অর্থবছরের বাকি আট মাসে জঙ্গলমহলের উন্নয়নে এই পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বোর্ড গঠনের কাজ শেষ করার কথাও বলেন শুভেন্দু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন