প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ প্রিন্স রায় দীপ্ত (২৫) নামে এক যুবককে হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ কৌশলে তাকে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত প্রিন্স রায় দীপ্ত বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, মঙ্গলবার সকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি পোস্ট করেছিল। এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে প্রিন্স রায় দীপ্তের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগও উঠে এসেছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার জানান, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন