প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক কাপ কফি, পছন্দের একটি টেবিল এবং সামনে ল্যাপটপ—ক্যাফেতে বসে কাজ করার দৃশ্যটি অনেকের কাছে পরিচিত। বাড়িতে কাজের একঘেয়েমি কাটাতে, বন্ধু বা সহকর্মীর সঙ্গে দেখা করতে কিংবা পরিবেশ বদলাতে অনেকেই ক্যাফেকে বেছে নেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর থেকে ক্যাফেতে বসে কাজ করার প্রবণতা বেড়েছে। তবে, এক কাপ কফি কিনে ঘণ্টার পর ঘণ্টা একটি টেবিল দখল করে রাখা কতটা যৌক্তিক, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে এ বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের পোস্টের মাধ্যমে প্রশ্ন উঠেছে, একটি কফি অর্ডার করে দীর্ঘ সময় ক্যাফেতে বসে থাকা কি গ্রাহকের অধিকার, নাকি এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়?
ক্যাফে কি কাজের জায়গা, নাকি আড্ডার?
অনেক গ্রাহক মনে করেন, ক্যাফেতে কফির দাম দেওয়ার পাশাপাশি পরিবেশ ও বসে সময় কাটানোর অভিজ্ঞতার মূল্যও রয়েছে। তাই একটি পানীয় কিনে কিছুক্ষণ কাজ করা বা সময় কাটানো অন্যায় নয়। কিছু গ্রাহক ক্যাফেতে ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও পছন্দ করছেন না।
তবে, ক্যাফে মালিকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে, প্রতিটি ক্যাফে কাজ করার জায়গা হিসেবে তৈরি হয়নি। ভারতের গুরগাঁওয়ের আলট্রি কফি রোস্টারির প্রতিষ্ঠাতা সাহিল ভাম্বরি বলেন, "শুধু কিছু ক্যাফে কাজের সুযোগ দেয় বলে সব ক্যাফেকে স্বয়ংক্রিয়ভাবে কর্মক্ষেত্র হিসেবে বিবেচনা করা ঠিক নয়।"
তিনি উল্লেখ করেন, তার আগের ক্যাফেতে এমন গ্রাহকও ছিলেন, যারা ঘণ্টার পর ঘণ্টা টেবিল দখল করে রাখতেন, অফিসের ফোনে কথা বলতেন, এমনকি বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতেন। এতে অন্য গ্রাহকদের বসার সুযোগ কমে যেত।
একটি টেবিল দখলে ব্যবসায়ীদের ক্ষতি কতটা?
ক্যাফেতে একটি টেবিল দীর্ঘ সময় দখল করে রাখার প্রভাব সরাসরি ব্যবসার ওপর পড়তে পারে। কারণ, একটি টেবিলে নতুন গ্রাহক বসতে না পারলে সম্ভাব্য বিক্রিও কমে যায়। পাশাপাশি ভাড়া, বিদ্যুৎ, কর্মীদের বেতন ও খাবারের উপকরণের খরচ তো রয়েছেই।
ভারতের পাস কোড হসপিটালিটির জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক বিনতেশ কুমারের মতে, দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের কারণে একজনের গড় খরচ কমতে পারে। তবে এর বিপরীত দিকও রয়েছে। বাইরে থেকে ক্যাফেকে ল্যাপটপ ব্যবহারকারী গ্রাহক পরিপূর্ণ দেখালে নতুন মানুষ সেখানে আসতে আগ্রহী হতে পারেন।
তাই ক্যাফের নিজস্ব নীতিমালা থাকা জরুরি। দিল্লির দ্য ড্রপ ক্যাফেতে প্রতিটি টেবিলে ছোট কার্ড রাখা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত ল্যাপটপ ব্যবহার করা যাবে। এতে গ্রাহকদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ এড়ানো সম্ভব হয়।
সব ক্যাফে অবশ্য একই নিয়মে চলে না।
কিছু ক্যাফে দীর্ঘ সময় বসে থাকা গ্রাহকদের নিরুৎসাহিত করলেও অন্যরা বিষয়টিকে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির সুযোগ হিসেবে দেখে। ভারতের চেলভিস কফির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ধ্রুব সিংয়ের মতে, একজন গ্রাহক দীর্ঘ সময় বসে থাকলেও তাকে চলে যেতে বলা উচিত নয়। কারণ, নিয়মিত গ্রাহক তৈরি হলে দীর্ঘ মেয়াদে ব্যবসা লাভবান হয়। তাঁর মতে, "কয়েক ঘণ্টার জন্য একটি টেবিল দখলে থাকার চেয়ে বছরের পর বছর একজন গ্রাহকের ফিরে আসা বেশি গুরুত্বপূর্ণ।"
বেঙ্গালুরুর ক্যাথে ক্যাফের সুরেশ শর্মাও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, "সবার আর্থিক সামর্থ্য এক নয়। বেশির ভাগ গ্রাহক ভালো খরচ করলেও অল্প কয়েকজন দীর্ঘ সময় একটি কফি নিয়ে বসে থাকলে সেটিকে বড় সমস্যা হিসেবে দেখেন না।"
তাহলে কতক্ষণ বসে থাকা উচিত?
এ বিষয়ে নির্দিষ্ট কোনো সর্বজনীন নিয়ম নেই। তবে ক্যাফে মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ক্যাফের ধরন, গ্রাহকের চাপ এবং প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালার ওপর বিষয়টি নির্ভর করে।
কাজের উপযোগী ক্যাফের ক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টা বসে থাকার একটি সময়সীমা বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন সাহিল ভাম্বরি। এতে অন্য গ্রাহকেরাও বসার সুযোগ পাবেন এবং ক্যাফের ব্যবসায়িক কার্যক্রম সচল থাকবে।
অন্যদিকে, ব্যস্ত সময়ে টেবিল খালি করে দেওয়া কিংবা দীর্ঘ সময় থাকলে আরেকটি খাবার বা পানীয় অর্ডার করা গ্রাহকের সৌজন্যবোধের পরিচয় হতে পারে। তবে নিজের সামর্থ্যের বাইরে খরচ করার প্রয়োজন নেই।
ক্যাফেতে বসে সময় কাটানো গ্রাহকের অভিজ্ঞতার অংশ হলেও ব্যবসায়ীদের স্বার্থও বিবেচনায় রাখা জরুরি। ক্যাফে কর্তৃপক্ষের উচিত তাদের নীতিমালা স্পষ্টভাবে জানানো, আর গ্রাহকদেরও উচিত সেই নিয়মের প্রতি সম্মান দেখানো। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াই পারে ক্যাফে সংস্কৃতিকে সুন্দর রাখতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন