প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোটের কারণে বেশ কিছু নিয়মিত খেলোয়াড়ের অনুপস্থিতি এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে বেঞ্চে রেখে মাঠে নেমেছিলেন লুইস এনরিকে। তবুও জয় পেতে কোনো বেগ পোহাতে হয়নি পিএসজির। উড়ন্ত ফর্মে থাকা ফুল-ব্যাক আশরাফ হাকিমির হ্যাটট্রিকে লে আভরেকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শীর্ষস্থান মজবুত করেছে।
শুক্রবার লিগ আঁ-তে তলানির দলের বিরুদ্ধে ৫-১ গোলের জয় পেয়েছে পিএসজি। মৌসুমের প্রথম নয়টি লিগ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ২০ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে তারা দুই পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা রেনের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে। আরসি লঁসের বিপক্ষে ডার্বিতে বদলি হিসেবে নেমে ৮৬তম মিনিটে গোল করে লিলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরু, যার ফলে তারা রেনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসে।
অন্যদিকে নিসের মাঠে ৫-২ গোলের বড় হার দেখেছে রেন। টানা পাঁচ ম্যাচে চতুর্থ জয় পাওয়া নিসের হয়ে এলিয়ে ওয়াহি হ্যাটট্রিক করেন। গত মৌসুমে অবনমন এড়ানো দলটি এই জয়ে সপ্তম স্থানে উঠে এসেছে।
স্তাদ ওশেনে অনুষ্ঠিত ম্যাচে হাকিমি তিন গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। তার তৈরি করা সুযোগ থেকে গোল করেন মিকা গোডৎস ও সেনি মায়ুলু। যদিও ম্যাচের শুরুতে জশ মাজা গোল করে লে আভরেকে এগিয়ে নেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল পিএসজির টানা নবম জয়। অন্যদিকে লে আভরে টানা পঞ্চম পরাজয়ের মুখ দেখল। মৌসুমে এখনও তারা জয়ের মুখ দেখেনি। মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগের তলানিতে।
তবে শুরুর দিকে মাজা গোল করে স্বাগতিকদের স্বপ্ন দেখিয়েছিলেন। এরপর হাকিমির পাস থেকে সমতা ফেরান গোডৎস। ২৮তম মিনিটে নিকট পোস্টে দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন মরক্কোর এই ডিফেন্ডার।
৫৫তম মিনিটে ফ্রি-কিক থেকে নিচের কর্নারে বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন হাকিমি। এরপর দ্রুতগতির পাল্টা আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ৬২তম মিনিটে মায়ুলুর গোলেও সহায়তা করেন তিনি, যাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
৬৯তম মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন হওয়া শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হাকিমি।
ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমি খুশি, কারণ কিছু খেলোয়াড় এর আগে খুব কম সময় মাঠে নামার সুযোগ পেয়েছিল। আমরা যদি শিরোপা জিততে চাই, তাহলে সবার অবদান প্রয়োজন।”
তিনি আরও বলেন, “চোটের কারণে নতুনদের জন্য সুযোগ তৈরি হয়। আজ রাতটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কুয়েনতিন এনজানতু ও ডেভিড বলির জন্য, যে লিগ আঁ-তে অভিষেক করেছে।”
নিসের হয়ে ওয়াহির হ্যাটট্রিকে ছিল প্রথমার্ধের দুটি পেনাল্টি গোল এবং ৭৩তম মিনিটের একটি প্রথম স্পর্শে নেওয়া দুর্দান্ত ফিনিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন