০১:৫৫ এম
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, বিনামূল্যে জাপানি ভাষা শেখাবেন তানভীর আহমেদ
ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে জাপানি ভাষা শেখানোর উদ্যোগ গ্রহণ করেছেন কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ।
তিনি জানান, শিক্ষার্থীদের অতিরিক্ত দক্ষতা অর্জনে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন। এ কোর্সে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ভর্তি ফি বা আর্থিক লেনদেনের প্রয়োজন হবে না।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
মো. তানভীর আহমেদ বলেন, তিনি নিজেও বর্তমানে একটি জাপানি ভাষা শিক্ষা কর্মসূচির শিক্ষার্থী। নিজের শেখার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সেই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীবান্ধব কাজ করাই একজন ছাত্র প্রতিনিধির মূল দায়িত্ব।”
আয়োজক পক্ষ জানায়, অনলাইন ক্লাস সপ্তাহে তিন দিন রাত ৯টা থেকে জুম অ্যাপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এছাড়া আবাসিক হলের শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে নির্ধারিত কক্ষে সরাসরি অফলাইন ক্লাসে অংশ নিতে পারবেন।
উদ্যোগটির অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের একটি ভাষাগত দক্ষতার সঙ্গে পরিচিত করা, যাতে ভবিষ্যতে উচ্চশিক্ষা, বৃত্তি (স্কলারশিপ) কিংবা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তারা বাড়তি সুবিধা অর্জন করতে পারেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ নিয়ে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই এটিকে দক্ষতা উন্নয়ন ও আত্মোন্নয়নের একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
সংশ্লিষ্টদের আশা, এ ধরনের সেবামূলক উদ্যোগ শিক্ষার্থীদের ভাষা শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আরও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন