প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আদালত আরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে। ফলে মামলাটির সাক্ষ্য গ্রহণ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে পাঁচ সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষ থেকে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে তদন্ত কর্মকর্তারা বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন। পূর্ববর্তী অভিযোগপত্রে বাড়ি কেনার অর্থের ব্যাংক লেনদেনের তথ্য অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছেন। এতে অর্থের পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য প্রদানকারী পাঁচজন হলেন— প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।
এর আগে গত ৮ মার্চ, মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করা হয়।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য উল্লিখিত হয়েছে অভিযোগপত্রে।
এতে আরো বলা হয়, বেনজীর আহমেদের বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয়ের পরিমাণ ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। সেই হিসাবে অভিযোগ করা হয়েছে যে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অর্থের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও আনা হয়েছে।
এদিকে, বিচার চলাকালে গত ৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে দেশে-বিদেশে ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সম্পূরক অভিযোগপত্রে মামলার সাক্ষীর সংখ্যা বাড়িয়ে ৪৭ জন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন