প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা রোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের আওতায় পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের চোরাচালানের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ১২ নভেম্বর বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BS218) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী (BG389) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬.৩৭৫ কেজি কসমেটিকস জব্দ করা হয়। এ সময় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য ও স্বর্ণ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
একই ফ্লাইটে আগত আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার বাদে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা মূলত ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দেয়। যদিও এসব চালান পৃথকভাবে ছোট মনে হচ্ছে, তবে একত্রিত হয়ে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এসব ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন