প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনায় সরকারি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য, সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি এজাহারভুক্ত সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে।
বরগুনা জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির গত ১১ নভেম্বর বরগুনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ২৯/৫৪৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আবু হাসান ইখলাছ (৩৩) এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করার উদ্দেশ্যে বরগুনা জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এজাহারে ১ ও ২ নম্বর আসামির নির্দেশনায় অন্যান্য আসামিরা বিভিন্ন সময় এ ধরনের কর্মকাণ্ডের দিকনির্দেশনা প্রদান করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ঘটনার আগে খুলনা থেকে বরগুনাগামী বিআরটিসি বাস সার্ভিসের একটি বাসের (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা মেট্রো-ব-১১-০০১০) সুপারভাইজার ও হেলপারকে বাস চলাচল বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়। ১০ নভেম্বর সড়কে বাস চালালে সেটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাশাপাশি কাউন্টারের পরিচালক ও সহকারী পরিচালককে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে বাদী অভিযোগ করেছেন।
ঘটনার সময় ৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টা উল্লেখ করা হয়েছে। এর আগে ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসটির চালক মো. শিপন হাওলাদার বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইনস সড়কসংলগ্ন টিটিসি ভবনের দক্ষিণ পাশে পাকা সড়কে বাসটি রেখে যান।
বাদী হুমায়ুন কবিরের দাবি, ৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, একদল ব্যক্তি অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। একপর্যায়ে তারা বাসটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসের ভেতরের আসন, ইঞ্জিন ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে সরকারের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী আরও দাবি করেন, টিটিসিতে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় রাস্তার বৈদ্যুতিক বাতি ও আগুনের আলোতে তিনি এজাহারভুক্ত কয়েকজন আসামিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের দেখতে ও চিনতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
মামলার প্রথম দিকের আসামিদের মধ্যে রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা সুমি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন মোল্লা, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ইমরান, সহ-সভাপতি মো. সবুজ মোল্লা এবং জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. আল আমিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মো. রকিব মোল্লা।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আল আমিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবলীগের সদস্য বিকাশ সাহা, সহ-সভাপতি মো. নাঈম ইসলাম রনি, জেলা ছাত্রলীগের যোগাযোগ সম্পাদক মো. হাসিবুর রহমান রুমেল শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইমুল ইসলাম রাব্বি, জেলা ছাত্রলীগের সদস্য সবুজ মোল্লা ও সহ-সভাপতি ফাহাদ হাসান তানিম।
মামলায় আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক জন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব, ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, একই ইউনিয়নের সহ-সভাপতি মো. হারুন ফকির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. হিমেল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মান্নান মৃধা, মো. আমিন মৃধা, মিল্টন মেম্বার, মো. মনির দফাদার, মো. সুজন মল্লিক, মো. রিপন, মো. খোকন মেম্বার ও মাইনুদ্দিন ময়না।
এছাড়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন হাং, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোবাহান আকন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইদ্রিস, জেলা শ্রমিক লীগের সদস্য মো. মনির, পৌর যুবলীগের সদস্য মো. শহিদ, পৌর ছাত্রলীগের সদস্য মো. তাইজুল ইসলাম এবং পৌর শ্রমিক লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
এদিকে সরকারি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে অগ্নিসংযোগ করা হয়েছে এবং মামলায় নাম থাকা ব্যক্তিদের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।
পুলিশের হাতে একজন আসামি গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও বাকি আসামিদের গ্রেপ্তার এবং অগ্নিসংযোগের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন