মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৯ এম
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামি বন্ড বা সুকুক ইস্যু করতে যাচ্ছে। এই সুকুকের মেয়াদ হবে ১৮২ দিন। বিনিয়োগকারীরা এই সুকুকের মেয়াদপূর্তিতে বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে মুনাফা অর্জন করবেন। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সুকুকের নিলাম।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ নভেম্বর এ তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে ইজারা পদ্ধতিতে (সুকুক আল-ইজারা) এই বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে। সুকুকটির অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন।
নির্ধারিত শর্ত অনুযায়ী, ১৮২ দিনের জন্য বিনিয়োগকারীদের মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা মুনাফা প্রদান করা হবে। এই অর্থ মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে। বার্ষিক মুনাফার হার ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শারিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) ব্যবহার করে আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুত করা প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি এ নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ডের বিনিয়োগের সুযোগ রয়েছে।
তবে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।
বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং এর গুণীতক পরিমাণে সুকুক কেনার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শারিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড জমা দিতে হবে।
নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল দরদাতাদের জন্য বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকাল ৩টায় সংশ্লিষ্ট এসআই আইডিতে জানানো হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা অনুমোদনের মাধ্যমে নিলাম আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতকাল আসন্ন। তাই ত্বকের যত্নে প্রাকৃতিকভাবে ৫টি সুপার ফুড বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সুপার ফুডগুলি ত্বকের গভীর যত্ন নেওয়ার পাশাপাশি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোলে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে, ত্বকের যত্নে ৫টি কার্যকরী সুপার ফুড সম্পর্কে জানানো হচ্ছে।
১. অ্যাভোকাডো : এই ফলটিতে স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন সি এবং ভিটামিন ই এর পরিমাণ অনেক। এটি ত্বককে ভিতর থেকে আর্দ্র ও নরম রাখতে সহায়তা করে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।
২. বেরি জাতীয় ফল: যেমন ব্লুবেরি ও স্ট্রবেরি। ব্লুবেরি এবং স্ট্রবেরির মতো ফলগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ফ্রি-র্যাডিকেলের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে এবং বয়সের ছাপ বা বলিরেখার সৃষ্টি হতে বাধা দেয়।
৩. তৈলাক্ত মাছ: তৈলাক্ত মাছগুলোতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে।
৪. সবুজ শাকসবজি: পালং শাকের মতো সবুজ শাকগুলোতে ভিটামিন এ, সি এবং আয়রন রয়েছে। এগুলো ত্বককে পুষ্টি জোগায় এবং প্রাকৃতিক উপায়ে ডিটক্স করতে সহায়তা করে।
৫. টমেটো: টমেটোতে 'লাইকোপেন' নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এটি সূর্যরশ্মির ক্ষতিকর ইউভি (UV) রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এবং বলিরেখা প্রতিরোধে কার্যকরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রী জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর দীর্ঘ প্রতীক্ষিত আগমনের কারণে লালমনিরহাট ও এর আশপাশের অঞ্চলে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জেলা শহরের চারপাশে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে। মিশনমোড়সহ বিভিন্ন সড়ক নতুন সাজে সাজানো হচ্ছে, সড়কগুলোর আইল্যান্ডগুলোকে নতুন রঙে রাঙানো হচ্ছে। অন্যদিকে, কালেক্টরেট মাঠে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে নানা আয়োজন করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাট বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী লালমনিরহাটে পৌঁছে প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। পরে জেলা শহরের কালেক্টরেট মাঠে 'আলোকিত লালমনিরহাট' অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক, স্নাতকোত্তর নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব ও মানসম্মত করতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অন্যতম অগ্রাধিকার নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনবল তৈরি, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং কর্মপরিবেশ, কর্মসন্তুষ্টি ও জীবনমান উন্নয়ন।
তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থায় নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবার পাশাপাশি নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের পরিচর্যা এবং মাতৃ ও শিশুমৃত্যু কমাতে তাঁদের অবদান অপরিহার্য।
তিনি আরও বলেন, এ শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিতে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি, ব্যবহারিক ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসাসেবায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগও সম্প্রসারণ করা প্রয়োজন।
নার্স ও মিডওয়াইফদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ, ন্যায্য সুযোগ-সুবিধা, দক্ষতাভিত্তিক পদোন্নতি এবং নেতৃত্বের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, কর্মসন্তুষ্টির সঙ্গে রোগীর সেবার মান সরাসরি সম্পর্কিত।
আন্তর্জাতিক কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও জাপানসহ বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা রয়েছে। যথাযথ শিক্ষা, বিদেশি ভাষায় দক্ষতা, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ নিশ্চিত করা গেলে এ খাত বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স অর্জনের বড় উৎস হতে পারে। এ জন্য আন্তর্জাতিক শিক্ষাক্রম, দক্ষতার স্বীকৃতি, পেশাগত নিবন্ধন ও বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে হবে।
মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা সম্প্রসারণ সরকারের অগ্রাধিকার। এ জন্য উপজেলা পর্যায়ে মানসম্মত সেবা, দক্ষ মিডওয়াইফের পদায়ন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞান অর্জন, ইংরেজিসহ বিদেশি ভাষা শেখা, গবেষণায় আগ্রহী হওয়া এবং রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নার্স ও মিডওয়াইফরা শুধু স্বাস্থ্যসেবার সহায়ক জনশক্তি হিসেবে নয়, বরং স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য নেতৃত্বদানকারী পেশাজীবী হিসেবে স্বীকৃতি পাবেন। তাঁরা দেশের মানুষের সেবা করবেন, একই সঙ্গে বিশ্বব্যাপী নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষা, উচ্চশিক্ষা, পেশাগত ভবিষ্যৎ, কর্মসংস্থান, পদোন্নতি, কর্মপরিবেশ ও আন্তর্জাতিক শ্রমবাজার নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রধান অতিথি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রত্যাশা ও মতামত শোনেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট কমানোর লক্ষ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে, দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সোমবার জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়ন এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য।" তিনি আরও বলেন, "প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দিতে সরকার কাজ করছে।" অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, সরকার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
চিকিৎসক নিয়োগের প্রসঙ্গে তিনি জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
নার্স সংকট নিরসনের জন্য ৮২৮টি সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া এক হাজার ৫৬৬টি পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি ৫৫৮ জন মিডওয়াইফ নিয়োগের সুপারিশ করা হয়েছে, যাদের পুলিশ ভেরিফিকেশন চলছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসংক্রান্ত প্রকল্পের ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।
তিনি আরও বলেন, নতুন হাসপাতালের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ