প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রেক্ষিতে টানা আন্দোলন, বিক্ষোভ ও শ্রমিক অসন্তোষের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (২৮ নভেম্বর) সকালে সপ্তাহের প্রথম কর্মদিবসে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। একই সঙ্গে, বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যা কমে এসেছে।
শিল্পাঞ্চল-১ পুলিশের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্ন কারণে মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। শনিবার সেই সংখ্যা ১৫টিতে নেমে এসেছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি, সাধারণ ছুটিতে দুটি এবং অন্যান্য কারণে একটি কারখানা বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি এবং আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইলসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। কর্মস্থলে ফেরা শ্রমিকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
শ্রমিকদের মতে, আগের কয়েক দিনের তুলনায় শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই শান্ত। নির্বিঘ্নে কাজ করতে পারায় তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে, কর্মপরিবেশ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন শিল্প এলাকায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যাচ্ছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আশা প্রকাশ করেন, শিল্পাঞ্চলের এই শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কর্মপরিবেশ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
অন্যদিকে, দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতি কাটিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শিল্পের স্থিতিশীলতা ধরে রাখতে শ্রমিকদের ন্যায্য দাবি, বেতন-ভাতা পরিশোধ এবং মালিক-শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন