প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ কমিটির পরবর্তী বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার (১৬ নভেম্বর) ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসহাক দার জানান, গত ৭ আগস্ট পাকিস্তান, সউদী আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
জোটের অগ্রগতি সম্পর্কে দার বলেন, কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদে বৈঠকে বসতে পারে। জোটের প্রথম বৈঠকে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনটি দেশই এতে সম্মতি জানিয়েছে। এর আগে, গত মাসে সউদী আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এসপিডিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এসপিডিসিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে ইসহাক দার বলেন, কোনো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেই অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন। দক্ষিণ এশিয়া ও আশপাশের দেশগুলোরও নিজেদের নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে এ ধরনের উদ্যোগের সূচনা হিসেবে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও একদিনে গড়ে ওঠেনি। মক্কা চুক্তি মূলত নিজেদের প্রতিরক্ষার স্বার্থেই করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসিওর মহাসচিব আসাদ মজিদ খান এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, এ বিষয়ে পাকিস্তান এখনো আশা ছাড়েনি এবং নিজেদের উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
ইসিও বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান দার। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে অত্যন্ত খোলামেলা, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
দার জানান, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব কমিয়ে দুই দিনের পরিকল্পনায় আনা হয়েছে। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা আশা বা প্রচেষ্টা কোনোটিই ছেড়ে দিইনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ওয়াশিংটন এখন ইরানের প্রস্তাবের বিষয়ে দ্রুত জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইসিও কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রশ্নের জবাবে দার বলেন, নিষেধাজ্ঞা চিরকাল থাকবে না। নিষেধাজ্ঞা উঠে গেলে পুরো বিশ্ব ইরানের দিকে ছুটে যাবে। এ প্রসঙ্গে তিনি লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটিতে প্রথম সফরকারী হিসেবে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরেন।
উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সচিবালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন