প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সময়ের প্রবাহে অনেক কিছুই বদলে গেছে। বদলেছে সুরের ভাষা, গানের ধরন, বিনোদনের আয়োজনও। তবুও নব্বইয়ের দশকের কিছু হিন্দি গান আজও হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগায়। কখনো পুরনো প্রেমের স্মৃতি, কখনো বন্ধুত্বের গল্প, আবার কখনো ফেলে আসা দিনের মায়া… চেনা সেই গানগুলো যেন মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় সোনালি অতীতে।
রাজধানীর ব্যস্ত নগরজীবনে এমন একটি নস্টালজিক সন্ধ্যার আয়োজন করেছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা নামতেই কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফুট সড়কের পাশে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে সংগীতপ্রেমীদের মিলনমেলা জমে ওঠে।
বাইরে নগরীর চেনা ব্যস্ততা, যানবাহনের ছুটে চলা এবং হর্নের শব্দ। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে মৃদু আলো, রাজকীয় সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের আবেশ। সবমিলিয়ে তৈরি হয় ভিন্ন এক জগৎ।
কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে নিয়ে কাটাতে চেয়েছেন স্মরণীয় কিছু সময়। টেবিলে সাজানো নবাবি স্বাদের খাবার, আর মঞ্চে একের পর এক পরিবেশিত হচ্ছে সেই সময়ের জনপ্রিয় হিন্দি গান। পরিচিত সুর কানে আসতেই অনেকের ঠোঁটে ফুটে ওঠে হাসি। কেউ গানের সঙ্গে গুনগুন করেন, কেউবা স্মৃতির পাতায় ফিরে যান জীবনের ফেলে আসা কোনো অধ্যায়ে।
এদিন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ আয়োজন ‘এডিশন : ৯০স হিন্দি সংস’। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় এ সংগীতসন্ধ্যা। রাত ১২টা পর্যন্ত চলবে এই সংগীতের আসর। এতে নব্বই দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।
নব্বইয়ের দশক বলিউড সংগীতের এক স্বর্ণালি অধ্যায়। সে সময়ের গানগুলো শুধু চলচ্চিত্রের গল্পকে এগিয়ে নেয়নি, মানুষের ব্যক্তিগত আবেগ ও স্মৃতির সঙ্গেও জড়িয়ে গেছে গভীরভাবে। প্রেম, বিরহ, বন্ধুত্ব কিংবা জীবনের নানা অনুভূতি সবকিছুরই যেন আলাদা সুর ছিল সেই সময়ের গানে। তাই কয়েক দশক পেরিয়েও এসব গানের আবেদন কমেনি। বরং নতুন প্রজন্মের কাছে পুরনো দিনের গান হয়ে উঠেছে আবিষ্কারের আনন্দ, আর আগের প্রজন্মের কাছে ফিরে দেখার এক জানালা।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর এবারের পর্বে সেই নস্টালজিয়াকেই সামনে আনা হয়েছে। মঞ্চের পরিবেশনা আর অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাবারের টেবিলও যেন হয়ে উঠেছে সংগীতের আড্ডাখানা। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলে পাশের টেবিল থেকেও ভেসে আসে গুনগুন করে গলা মেলানোর শব্দ। এভাবেই সংগীতের সঙ্গে যুক্ত হচ্ছে প্রজন্মের স্মৃতি, বন্ধুত্ব আর ভালো লাগার মুহূর্ত।
তবে এ আয়োজনের আকর্ষণ শুধু পুরোনো দিনের গান নয়, রয়েছে মোগল ঐতিহ্যের রাজকীয় আবহও। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম বিশেষত্ব ঐতিহ্যবাহী মোগলাই খাবার। পুরনো রেসিপি ও রন্ধনশৈলীতে তৈরি বিভিন্ন পদের স্বাদ অতিথিদের সামনে তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের পরিচয়। খাবার পরিবেশনেও রয়েছে বিশেষ আয়োজন। মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের সাজসজ্জা মিলিয়ে অতিথিরা পান রাজকীয় ভোজের অনুভূতি।
একদিকে নব্বইয়ের দশকের হিন্দি গানের নস্টালজিয়া, অন্যদিকে মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ– দুইয়ের সমন্বয়েই ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ হয়ে উঠেছে সাধারণ নৈশভোজের চেয়ে আলাদা। এখানে অতিথিরা শুধু খাবার খেতে কিংবা গান শুনতে আসছেন না, বরং প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো, স্মৃতি রোমন্থন এবং ভিন্ন পরিবেশে কিছুটা প্রশান্তি খুঁজে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ যেন মনে করিয়ে দেয়, কিছু গান কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু হৃদয়ে জায়গা করে নেওয়া সুরগুলো থেকে যায় একই রকম আপন। মোগল ঐতিহ্যের রাজকীয় পরিবেশে নব্বইয়ের দশকের সেই চিরচেনা হিন্দি গান আর প্রিয়জনদের সঙ্গে একান্ত সময়– সবমিলিয়ে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের এ আয়োজন হয়ে উঠেছে স্মৃতি, সুর ও স্বাদের এক নান্দনিক মিলনমেলা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে এ আয়োজনের একেকটি পর্ব। প্রতিবারই থাকছে নতুন অভিজ্ঞতা ও নতুন আবহ। নব্বইয়ের দশকের হিন্দি গানের পর আগামী ২০ নভেম্বর পরিবেশিত হবে নজরুলগীতি। ২৭ নভেম্বর থাকছে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন