ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক এক নারী


গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার, আটক এক নারী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। যৌনপল্লির বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিশোরীকে জোরপূর্বক দেহব্যবসা করানোর। কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মন্ডলের মেয়ে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার রাতে কিশোরী যৌনপল্লি থেকে পালানোর চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অভিযোগে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়।

সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লিতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। সোমবার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে সে দোকানটিতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: বদলির পর সরকারি বাসায় থাকলে বাড়িভাড়া দিতে হবে দ্বিগুণ

উদ্ধার হওয়া কিশোরী আমার দেশকে জানায়, নারী পাচারকারী চক্রের এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার জেলা প্রশাসক স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বরগুনার জেলা প্রশাসক স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন

বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার মানবিকতার চিরন্তন সত্য ‘মানুষ মানুষের জন্য’ ধারণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়া এক নারীর দুর্দশার খবর পেয়ে বরগুনা জেলা প্রশাসন তাঁর পাশে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিক দায়িত্ব পালনের বাইরেও একজন বিপন্ন মানুষের দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক।

দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা সীমা চক্রবর্তী বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের অধিবাসী। সম্প্রতি তিনি স্বামীকে হারিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন। জীবনের এ কঠিন সময়ে স্বজন হারানোর বেদনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও জীবনযাপনের সংকট তাঁকে বিপর্যস্ত করে তুলেছে। জেলা প্রশাসকের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে সীমার পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমা চক্রবর্তীর হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার ও একটি কম্বল প্রদান করা হয়। এই সহায়তার ব্যবস্থা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের উদ্যোগে করা হয়।

একজন স্বামীহারা নারীর দুঃসময়ে প্রশাসনিক প্রতিনিধির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক প্রশাসনের ইতিবাচক ভূমিকার প্রতিফলন। সমাজের অসচ্ছল, অসহায়, স্বামীহারা, বয়স্ক ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনের সময় সরকারি সহায়তা পৌঁছে দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধের প্রকাশও।

জীবনের কঠিন বাস্তবতায় স্বামীকে হারিয়ে একজন নারী যখন আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মুখোমুখি হন, তখন সামান্য সহযোগিতাও তাঁর কাছে বড় আশ্রয় হয়ে উঠতে পারে। নগদ অর্থ, খাবার কিংবা শীত নিবারণের জন্য একটি কম্বল হয়তো সব সংকট দূর করতে পারবে না; তবে এই সহায়তা তাঁকে অন্তত এই বার্তা দেবে যে, দুঃসময়ে তিনি একা নন, প্রশাসন তাঁর পাশে রয়েছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্যও ইতিবাচক বার্তা বহন করে। অসহায় মানুষের দুর্দশা দেখে মুখ ফিরিয়ে না নিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে।

প্রশাসনের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে প্রান্তিক ও অসহায় মানুষের প্রয়োজন চিহ্নিত করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াতে সহায়ক।

বরগুনা জেলা প্রশাসনের এ উদ্যোগে আবারও স্পষ্ট হয়েছে, প্রশাসন কেবল দাপ্তরিক কার্যক্রম পরিচালনার প্রতিষ্ঠান নয়, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোরও একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। সীমা চক্রবর্তীর পাশে দাঁড়ানোর এই পদক্ষেপ মানবিকতা, সহমর্মিতা ও জনকল্যাণের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, মানুষের কল্যাণে ও মানবতার পাশে বরগুনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল বিচারে ১৮ বছর কারাবন্দি বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


ভুল বিচারে ১৮ বছর কারাবন্দি বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেলেন

নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাগেরহাটের মোংলার বাদল ফরাজী প্যারোলে মুক্তি পেয়েছেন চার সপ্তাহের জন্য।

ভারত থেকে বাংলাদেশে আসা এই ভুক্তভোগী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাকে বাগেরহাট পুলিশ প্যারোলের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করবে।

তথ্য অনুসারে, ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে বাদল ফরাজী গ্রেফতার হন। পরে তাকে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সি নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়। বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দিল্লি হাইকোর্টও পরবর্তীতে সেই সাজা বহাল রাখেন। বাদল প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন, সেখানে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দেশে ফেরার পর তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি।

মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে বাদলের মুক্তির দাবিতে কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম বাদল ফরাজীকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর বাদলের মুক্তির দাবি আরও জোরালো হয়।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দফতরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গাজীপুরের জেলা প্রশাসককে বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। বাদল কারাগারে থাকতেই তার বাবা মারা যান এবং তার বৃদ্ধ মা এখন চলাফেরা করতে পারেন না।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে বাদল ফরাজীকে মুক্তি দেয়া হয়েছে। তাকে বাগেরহাটের উদ্দেশ্যে পুলিশ নিয়ে গেছে, সেখানে বাগেরহাট পুলিশ প্যারোলে পরিবারের কাছে হস্তান্তর করবে।

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজিকে ১২ ঘণ্টার পরিবর্তনে ৪ সপ্তাহের প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রফতানি বৃদ্ধির লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান এই তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক প্রদান করা হবে। এই সপ্তাহ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একটি মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

এতে ৬৪টি স্টল এবং ৬টি প্যাভিলিয়ন থাকবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, গত চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিভিন্ন দেশে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রফতানি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ডেটা সেন্টার নির্মাণের হিড়িক, ক্ষুব্ধ বাসিন্দারা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : গ্রিসের রাজধানী এথেন্সের নিকটবর্তী স্পাতা অঞ্চলের আধা-গ্রামীণ জনপদে সূর্য অস্ত যাওয়ার সময় পিয়ার্স কলেজের খেলার মাঠে শরীরচর্চা করছিলেন একদল শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটি গ্রিসের একটি সুপরিচিত আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে, এই শান্ত পরিবেশে অচিরেই বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানটির ঠিক বিপরীতে একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।

এ সম্পর্কে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এছাড়া, আশপাশের এলাকায় আরও দুটি ডেটা সেন্টার নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের কারণে পুরো এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়োরগোস মিনারদোস মন্তব্য করেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নয়নের বিরুদ্ধে নই। আমাদের একমাত্র চাওয়া, মানুষের জীবনযাত্রা ও সম্পত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব প্রকল্প বাস্তবায়ন করা হোক। ডেটা সেন্টারের চাহিদা বেড়েছে বলে পরিকল্পনা ছাড়াই এগুলো নির্মাণ করা উচিত নয়।’

মিনারদোসের বাড়ি ক্রিস্টোপুলি নামের একটি ছোট জনপদে। সেখানে গ্রিসের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পাবলিক পাওয়ার কর্পোরেশন (পিপিসি) এবং দুবাইভিত্তিক আবাসন উন্নয়ন প্রতিষ্ঠান দামাকের উদ্যোগে নির্মাণাধীন ১৫ কোটি ইউরোর একটি ডেটা সেন্টার তার বাড়ির থেকে ২০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত।

একসময় জলপাইবাগান ও আঙুরখেতে ঘেরা ছিল স্পাতা এলাকার বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী এথেন্স থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই এলাকায় ২০০১ সালে এথেন্স বিমানবন্দর স্থানান্তরের পর থেকেই দ্রুত নগরায়ণ শুরু হয়।

ডেটা সেন্টার নির্মাণে সরকারের জোরালো উদ্যোগ চলছে।

গ্রিসজুড়ে একের পর এক ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার।

সরকারের লক্ষ্য হলো, গ্রিসকে দক্ষিণ-পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ডেটা ও ডিজিটাল অবকাঠামো কেন্দ্রে পরিণত করা।

গত বছর প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তনগুলো ইতিমধ্যে শুরু হয়েছে, সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে গ্রিসকে অবকাঠামোগতভাবে প্রস্তুত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য, অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গ্রিস যেন ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় ও অগ্রগামী দেশগুলোর তালিকায় থাকে।’

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি ও আঞ্চলিক কর্তৃপক্ষ আবাসিক এলাকার কাছেই বড় শিল্পকারখানার মতো ডেটা সেন্টার নির্মাণের অনুমতি দিয়েছে। অথচ এসব স্থাপনা এলাকার বাণিজ্যিক ভূমি ব্যবহারের বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২৫ সালে প্রায় ৪০ জন বাসিন্দা ডেটা সেন্টার নির্মাণের অনুমতির বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটে অভিযোগ দায়ের করেন। আগামী ফেব্রুয়ারিতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ ডেটা হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পিপিসি জানিয়েছে, তাদের নির্মাণাধীন ১২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব ইউরোপে তথ্যপ্রযুক্তি সক্ষমতার ক্ষেত্রে গ্রিসের অবস্থান আরও শক্তিশালী হবে।

চলতি বছরেই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো সেখানে কেবল কংক্রিটের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

এর কয়েকশ মিটার দূরে মাইক্রোসফটের জন্য আরও বড় একটি ডেটা সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর সক্ষমতা ১৯ দশমিক ২ মেগাওয়াট। নির্মাণকারী প্রতিষ্ঠান রেনকো জানিয়েছে, এই স্থাপনাটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে বিদ্যুতের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।

তবে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি অনেকটা স্পষ্ট করে নির্মাণকাজের সহযোগী প্রতিষ্ঠান তেরনা মাইক্রোসফটের এই স্থাপনাটিকে ‘শিল্পকারখানার মতো অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছে।

পিয়ার্স কলেজের কাছেই তৃতীয় ডেটা সেন্টারটি নির্মাণ করছে বিনিয়োগ প্রতিষ্ঠান পিমকো। যৌথভাবে বাস্তবায়িত এই প্রকল্পের সক্ষমতা হবে সর্বোচ্চ ৮০ মেগাওয়াট।

প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ইউরো। ২০২৮ সালে এর কাজ শেষ হওয়ার কথা। একই বছর প্রায় ১০ কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন মাইক্রোসফটের ডেটা সেন্টারটির কাজও শেষ হওয়ার কথা রয়েছে।

গত মার্চে গ্রিস সরকার পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির একটি সমীক্ষা প্রকাশ করে। এতে বলা হয়, দেশটিতে ১ গিগাওয়াটের বেশি সক্ষমতার ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। বর্তমান সক্ষমতার তুলনায় এটি ২০ গুণেরও বেশি।

সমীক্ষায় আরও বলা হয়, এ ধরনের অবকাঠামো নির্মাণে ৩৫টির বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবের অধিকাংশই এথেন্সের বৃহত্তর অঞ্চলকেন্দ্রিক।

এআই প্রযুক্তির জন্য বিদ্যুতের চাহিদা বাড়ছে।

গত অক্টোবরে পার্লামেন্টে এক প্রশ্নের মাধ্যমে গ্রিসের সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ ডেটা সেন্টার নির্মাণের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এই প্রযুক্তি বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ব্যয় বাড়িয়ে দিতে পারে। এমনকি সেই বাড়তি ব্যয়ের একটি অংশ শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ইউরোপে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ৭০ শতাংশ বেড়ে যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পণ্য ও সেবার চাহিদা বাড়তে থাকায় মেটা, গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও ডেটা সেন্টার নির্মাণে বিপুল বিনিয়োগ করছে।

তবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এসব স্থাপনা নির্মাণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ বাড়ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার কারণে দেশটিতে অন্তত ৭৫টি ডেটা সেন্টার নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে অথবা বিলম্বিত হয়েছে।

ডেটা সেন্টারে সার্ভার ঠান্ডা রাখতে প্রচুর মিঠাপানি প্রয়োজন হয়। এ কারণে স্থানীয় এলাকায় পানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ওয়েস্ট অ্যাটিকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক এলিসাভেট ফেলোনি বলেন, বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত পানি বাষ্পীভবনের মাধ্যমে শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করে। বছরের প্রায় ১৫ শতাংশ দিনে এ পদ্ধতিতে পানি প্রয়োজন হয়।

তিনি বলেন, ‘এই পানির চাহিদা ঠিক সেই সময়েই তৈরি হয়, যখন তাপপ্রবাহ দেখা দেয়। আর তখনই পানির আধারগুলো সবচেয়ে বেশি চাপের মুখে থাকে।’

তাপপ্রবাহ ও শব্দদূষণ নিয়ে উদ্বেগ

ক্রিস্টোপুলির বাসিন্দারা জানিয়েছেন, একটি ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল, শীতলীকরণ যন্ত্রের শব্দে সমস্যা হলে তারা যেন জানালা বন্ধ করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালান।

এমন পরামর্শে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ছাড়া তাদের আশঙ্কা, ডেটা সেন্টারগুলো চালু হলে আশপাশের এলাকার তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। এমনিতেই অঞ্চলটি তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%