প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেছেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাকে কারাগারে যেতে হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, ‘যখনই ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে তাকে জেলে যেতে হবে।’
তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে তিনি জানান।
‘পররাষ্ট্রনীতিই হবে মক্কা প্যাক্টে যাওয়ার ক্ষেত্রে মূল বিবেচনা’
মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক সাময়িক জোট। বাংলাদেশ এতে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট জোট বা ফোরামটি দেশের মানুষের স্বার্থের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং এতে বাংলাদেশের কী ধরনের উপকার হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, ‘সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কথা বলবে।’
জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন