প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে আদালত রাজধানীর কোতোয়ালি থানার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার আদালতে আসামি কাউসারকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এই ঘটনায়, ওই দিনই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানির সময়, হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে, এজলাস থেকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান এই আসামি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ১৭ বছরের কিশোরী আলোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
জবানবন্দিতে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ঘটনার কিছুদিন আগে আলো তাকে এড়িয়ে চলতে শুরু করে। কাউসার জানতে পারেন, আলো অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কিত হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই রাতে আলোদের বাসার সামনে অবস্থান নেন কাউসার। রাত ৯টার দিকে আলো ঘর থেকে বাথরুমে গেলে তিনি সেখানে ওত পেতে থাকেন। বাথরুম থেকে ফিরে ঘরে বালতি আনতে যাওয়ার সময় কাউসার তাকে আটকে কথা বলতে চান। আলো কথা বলতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। এ মামলায় এখন পর্যন্ত নিহতের বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাবন্দি ছিলেন অভিযুক্ত কাউসার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন