প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের প্রতি কৃতিত্ব জানিয়েছেন। চেজ মন্তব্য করেছেন, ওয়ারিকানের ধারাবাহিক বোলিং এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরির দক্ষতা সফরকারীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ওয়ারিকান দুই ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আবির্ভূত হয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং, নিখুঁত লাইন-লেংথ এবং বল ঘোরানোর দক্ষতায় তিনি বাংলাদেশের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে চেজ বলেছেন, “ওয়ারিকান দুই ম্যাচেই ভালো বোলিং করেছে। সে নিজের ইকোনমি রেট খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। আমার মনে হয়েছে, সে দীর্ঘ সময় ধরে ব্যাটারদের সামনে বল রেখে প্রচুর চাপ তৈরি করেছে।”
তিনি আরও যোগ করেন, “পুরো সিরিজে তার বোলিংয়ের বৈশিষ্ট্য ছিল এটাই। পাশাপাশি সে বল ঘুরিয়েছে এবং সোজাও রেখেছে। আমার মনে হয়েছে, সে সত্যিই আমাদের এই সিরিজে টিকিয়ে রেখেছে এবং সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে।”
ঢাকায় প্রথম টেস্টে আট উইকেটে জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৮৪ রানে ৭ উইকেটে নামিয়ে দিয়ে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল। তবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংসে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায়।
চেজ স্বীকার করেছেন, হৃদয়ের অসাধারণ ইনিংস সফরকারীদের আরেকটি জয় থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, “জয়ের জন্য এগিয়ে যাওয়ার মতো দারুণ অবস্থানে ছিলাম আমরা। কিন্তু হৃদয়ও অসাধারণ একটি ইনিংস খেলেছে। টেস্ট ক্রিকেট এমনই। কখনো কখনো মনে হয়, আপনি ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন; এরপর কেউ এসে অবিশ্বাস্য কিছু করে দেখায়।”
চেজ হোয়াইটওয়াশ করতে না পারলেও সামগ্রিক অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশকে দেশের মাটিতে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন।
চেজ বলেন, “বাংলাদেশে এসে ক্রিকেট খেলা সব সময়ই কঠিন। তাদের নিজেদের মাঠে হারাতে পারা সব সময়ই আনন্দের।”
পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে ওয়েস্ট ইন্ডিজ তাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
চেজ বলেন, “তিনটির মধ্যে আমরা দুটি সিরিজ জিতেছি। তাই বছরটিকে ভালোই বলব। কোনো সিরিজেই আমরা হারিনি। বহু বছর ধরে এমনটা দেখা যায়নি।”
“এতে প্রমাণ হয়, একসঙ্গে বসে পরিকল্পনা করলে এবং কঠোর পরিশ্রম করলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার মনে হয়, একটি দল ও ইউনিট হিসেবে আমরা সঠিক পথেই এগোচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন