প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের বাহারাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম এক্সেস রোড নির্মাণ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কৃষকেরা ফসলি জমি রক্ষায় লাল নিশান টানিয়ে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন, কারণ তাঁদের আশঙ্কা, রাস্তা নির্মাণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতি হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডি’র আওতাধীন এবং জাইকার অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ২১০০ মিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার ব্যয় প্রায় ৯৬ লাখ টাকা। ফার্ম এক্সেস রোড নির্মাণের জন্য চেইনেজ ০+৭১৫ কিলোমিটার থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত কাজ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে জুড়াইল গ্রামের কৃষকরা জানান, বাঁধ বা সড়ক নির্মাণের প্রয়োজন হলে তা নদীর পাড়সংলগ্ন এলাকায় হওয়া উচিত। তাঁদের অভিযোগ, প্রকল্পের স্থান নির্ধারণে কৃষকদের স্বার্থ ও কৃষিজমির ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এভাবে কাজ বাস্তবায়ন হলে তাঁদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে।
স্থানীয় কৃষক হাবিবুর রহমান, কালাম, শহিদ মিয়া, হুমায়ুন ও সোনা মিয়া বলেন, জমি থেকে মাটি সংগ্রহের কারণে তাঁদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বোরো মৌসুমে আবাদ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁদের আশঙ্কা, প্রস্তাবিত স্থানে বাঁধ ও রাস্তা নির্মাণ হলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিকাজ ব্যাহত হবে। এতে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।
জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের মানুষকে না খেয়ে থাকতে হবে। তাঁদের দুই ফসলি জমিতে এক ফসলও ঘরে তুলতে পারার শঙ্কা রয়েছে। কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা না করে প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, রাস্তা নির্মাণের ফলে জুড়াইল গ্রামের ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। রাস্তার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে, যা কৃষকদের ফসল উৎপাদনে বাধা দেবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।
এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলাম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীর কাছে প্রকল্প সম্পর্কে জানতে চান এবং বিষয়টি না জেনে ফোন করার কারণ জানতে চান।
উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ অবস্থায় কৃষকদের দাবি, প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রস্তাবিত রাস্তার স্থান, পানি নিষ্কাশনব্যবস্থা এবং কৃষিজমির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা কৃষকদের সঙ্গে আলোচনা করে জনস্বার্থ ও কৃষিস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন