প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক এস এম ওয়ালি উল্লাহ (৪৩) কে স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির অভিযোগে পাঁচ লাখ টাকা যৌতুক চাওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার চেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চিলমারী কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২ জুলাই রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভিযুক্ত শিক্ষক স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।
আইনি নোটিশ ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। এরপর বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ১১(গ) ধারায় আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, ‘ওয়ালি উল্লাহ্ ২০২৫ সালের ২ জুলাই নানা প্রলোভন দেখিয়ে আমাকে বিয়ে করে। সুমহান ইসলামের লেবাস ধারণ করে সে আমার সাথে সুন্দর সুন্দর কথা বলে প্রতারণা করেছে। সে একজন মুখোশধারী ক্রিমিনাল। আমি আশঙ্কা করছি সে আমার মতো আরও অনেকের জীবন নষ্ট করেছে। আমি রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
অভিযুক্তের মা মোছা. ‘আনোয়ারা বেগম পুত্রকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, আমার ছেলে গ্রেপ্তার হয়েছে—এজন্য দেশের আইন-আদালত আছে। আইন অনুযায়ী যা হবার তাই হবে।’
এদিকে, চিলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধূরীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ালি উল্লাহর স্ত্রীর করা মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন