প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক নারীর প্রতি কুপ্রস্তাব, জোরপূর্বক শারীরিক হেনস্তা এবং ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) ফুলবাড়ীয়া থানায় অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের কর্মকার বাড়িতে এই ঘটনা ঘটে। জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া বিদেশি মুদ্রা লেনদেনের একটি মামলায় কারাগারে ছিলেন। তিনি প্রায় দেড় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। অভিযোগ অনুযায়ী, দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল।
জাহানারা খাতুন অভিযোগ করেছেন যে, তিনি শারীরিকভাবে হেনস্তার চেষ্টা এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শের শিকার হন। এ সময় তিনি বাধা দেন এবং নিজেকে রক্ষার চেষ্টা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই নেতা তাকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছেন। উল্লেখ্য, তিনি অতীতে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ভুক্তভোগীর পুত্রবধূ বলেন, যুবদল নেতা হযরত আলী তার শাশুড়ির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেছেন। মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। গত দুই দিন ধরে তার শাশুড়ি বাড়িতে নেই এবং তিনি থানায় অভিযোগ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেন তিনি।
জাহানারা খাতুনের মা খাদিজা বলেন, তার মেয়ের সঙ্গে হযরত আলী জোরপূর্বক অনৈতিক কাজের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এদিকে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা হযরত আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, একজন নারী ভালো বা মন্দ, সেটি আলাদা বিষয়। তার কাছে গিয়ে কেন জোরপূর্বক এমন আচরণের চেষ্টা করা হবে? তারা অভিযোগের সত্যতা তদন্ত করে দেখার এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, হযরত আলীর কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা রয়েছে।
হযরত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, এ বিষয়ে জেলা নেতাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল তাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশিদুল হাসান বলেন, রাতে থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন