প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাটহাজারী, চট্টগ্রাম, ৯ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করলেন।
আজ রোববার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে সড়ক পথে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে আল্লামা শাহ আহমেদ শফীর কবরের ফাতেহা পাঠ করে জিয়ারত করেন।
এই সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিল আহমেদ কুরেশী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার অধ্যক্ষ দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।
মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় মাদ্রাসার মাঠে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী হাত মিলে কুশল বিনিময় করেন।
আল্লামা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। তিনি দেশের কওমি অঙ্গনের একজন শীর্ষ মরুব্বী ছিলেন এবং প্রায় সাড়ে তিন দশক তিনি বৃহৎ কওমি মাদ্রাসা আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলাম, কওমি শিক্ষা এবং সামাজিক ধর্মীয় বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল।
আল্লামা শাহ আহমদ শফীর (রহ) কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী হাটহাজারী থেকে সড়ক পথে ফটিকছড়িতে আল-জামায়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আসেন এবং সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন