প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগুনের তাণ্ডবে পুড়ে গেছে মিনতি রানীর ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ সংসারের সব কিছু। এক রাতের আগুন তার মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়েছে। তবে সবকিছুর মধ্যে মিনতির সবচেয়ে বড় দুঃখ ছিল তাঁর সেলাই মেশিনটি হারানো। কারণ, ওই সেলাই মেশিনই ছিল সংসারে স্বামীর পাশাপাশি তাঁর নিজস্ব উপার্জনের একমাত্র অবলম্বন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কান্নারত মিনতির ছবি, যিনি সেই মেশিনটি বুকে জড়িয়ে ধরে ছিলেন, তা দেখে মানবিক কিছু মানুষ এগিয়ে এসেছেন। তাঁদের সহযোগিতায় মিনতি আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন।
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে গত ২ নভেম্বর সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশ সদস্যই দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন। যদিও অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু বসতঘরসহ সর্বস্ব হারিয়ে পরিবারগুলোর সদস্যরা এখন ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে প্রমোদ দাস ও মিনতি রানীর পরিবার। প্রমোদ দাস একজন শ্রমজীবী মানুষ, যিনি বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এবং হেমন্তে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব মেটাতে মিনতি রানীও কাজ করতেন। পাড়ার মানুষের কাপড় সেলাই করে যে আয় হতো, তা দিয়ে সংসারে সহযোগিতা করতেন। তাঁর কাছে সেলাই মেশিনটি ছিল একটি যন্ত্র নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এবং সংসারের দুঃসময়ে স্বামীর পাশে থাকার অবলম্বন।
অগ্নিকাণ্ডের পর মিনতি নিজের সেলাই মেশিনটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সেই ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রপ্রবাসী রিয়েলটর মাসুক রহমানের। তাঁর আর্থিক সহযোগিতায় আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্ট, সুনামগঞ্জের ‘দুস্থ নারী স্বাবলম্বী সহায়তা কার্যক্রমের’ আওতায় মিনতি রানীকে আবার একটি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিনতি রানীর হাতে তুলে দেওয়া হয় একটি সিঙ্গার সেলাই মেশিন। নতুন মেশিনটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হারানো জীবিকা ফিরে পাওয়ার আনন্দ তাঁর চোখেমুখে ফুটে ওঠে। সর্বস্ব হারানো একটি পরিবারের কাছে এমন সহযোগিতা যে কত বড় আশার আলো হয়ে উঠতে পারে, মিনতির চোখের জল আর মুখের হাসিই তার প্রমাণ।
এ সময় মিনতি রানি বলেন, ‘আমার স্বামীর পাশাপাশি পরিবারের জন্য নিজেও কিছু করার চেষ্টা করি। পাড়ার সব মানুষের কাপড় সেলাই করি। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছু নেই। ঘর কীভাবে বানাব, তা জানি না। আজ আপনারা আমাকে এই সেলাই মেশিন দিয়ে যে উপকার করেছেন, তা বলে শেষ করতে পারব না। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের ভালো রাখেন।’ কথা বলতে বলতে কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিনতি। নতুন সেলাই মেশিন পেয়ে কয়েক দিন পর তাঁদের বাড়িতে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে নিমন্ত্রণও জানান তিনি। মিনতির হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মিনতির স্বামী প্রমোদ দাস, আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্ট এর প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা এবং বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন