প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণভাগে এসেছে একটি বড় ধাক্কা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে আসলেও, চোটের কারণে আবারও সমস্যায় পড়লেন আনরিখ নর্কিয়া। কুঁচকির চোটের কারণে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না।
সেন্ট জর্জ’স পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় বিপত্তি ঘটে। নিজের চতুর্থ ওভারের মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হন নর্কিয়া। এরপর মাঠে ফিরতে না পারার কারণে, ম্যাচের বাকি সময়টা তিনি ড্রেসিংরুমেই কাটান। স্ক্যান ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে পাওয়া যাবে না।
প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ বিরতি শেষে, ডারবানে সিরিজের প্রথম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন নর্কিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। তবে দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে টানা ম্যাচ খেলার বিষয়টি তার শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত সেই ঝুঁকির চড়া মূল্য গুনতে হলো প্রোটিয়াদের।
নর্কিয়ার চোট নিয়ে কিছুটা স্বস্তির খবর এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক আশঙ্কার চেয়ে ইনজুরিটি কিছুটা কম গুরুতর। তবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার কত দিন লাগবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।
এদিকে, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে, ফলে এই ম্যাচটি সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে।
নর্কিয়ার অনুপস্থিতিতে শেষ টেস্টের একাদশে পেস আক্রমণে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ ও ডেন প্যাটারসন। এছাড়া কন্ডিশন এবং ম্যাচের কৌশল অনুযায়ী বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন