প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, ইন্টারপোলের রেড নোটিশ বা বিদেশে কোনো অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার হওয়া মানে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়া নয়। বরং এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং কূটনৈতিক বাধ্যবাধকতাগুলো অনুসরণ করতে হয়।
মঙ্গলবার, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বক্তব্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশীয় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রয়োজনীয় তথ্য যাচাই করে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এরপর ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সেখানে গ্রেপ্তার হয়েছেন। ওই দেশের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সরকার ত্বরান্বিত পদক্ষেপ নিয়ে মাত্র চার দিনের মাথায় (১৬ জুন) সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটিতে ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ পাঠায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রত্যর্পণ একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ও বিচারিক প্রক্রিয়া। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের আদালত বা কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, প্রমাণাদি এবং আইনগত শর্তগুলো খতিয়ে দেখে। জামিন প্রাপ্তি বা আইনি প্রক্রিয়ার ধীরগতির অর্থ সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা নয়। বাংলাদেশ সরকার সময়মতো নথিপত্র সরবরাহ, স্থানীয় আইনজীবী নিয়োগ এবং নিয়মিত খোঁজখবর রাখার কাজ চালিয়ে যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অবস্থিত সম্পদের তথ্য পেতে সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট’ (পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ) পাঠিয়েছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র ও প্রমাণাদি পাওয়ার পর আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় ওই সম্পদ অবরুদ্ধ, জব্দ ও পুনরুদ্ধারের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট দেশের আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে কোনো যাচাইহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কূটনৈতিক, আইনি ও পুলিশি প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন