প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি উদ্ধার করেছে পুলিশ। তবে, চুরির সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত চার্চটির দোতলার খোলা জায়গা থেকে ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
পরে, পুলিশের একাধিক দল চুরি যাওয়া ঘণ্টাটি উদ্ধারের জন্য অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়। পুলিশের ধারণা, অভিযানের চাপে চোরেরা সেটি ফেলে পালিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানিয়েছেন, উদ্ধার হওয়া ঘণ্টাটি অক্ষত অবস্থায় থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, পুলিশের বিভিন্ন সূত্রের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন