প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সুযোগ বৃদ্ধি করেছে। এখন থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সকল কোম্পানি অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি এই সুবিধা গ্রহণ করতে পারবে। ফলে, পূর্বে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলো যে সুযোগ পেত, তা এখন আরও বিস্তৃত হলো।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে। অর্থাৎ, এখন আর টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকার শর্ত থাকবে না। পাশাপাশি, ‘এ’ ক্যাটাগরির বাইরে থাকা কোম্পানিগুলোও অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এই সুবিধা নিতে পারবে।
এর আগে, ২০২৪ সালের ২৭ মার্চ বিএসইসি শুধুমাত্র যেসব কোম্পানি টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে ছিল, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের অনুমতি দিয়েছিল।
সাধারণভাবে, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে এবং ১০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করা কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘বি’ ক্যাটাগরির যেসব কোম্পানি অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে।
করোনাভাইরাসের সংক্রমণের সময়, ২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ডিজিটাল মাধ্যমে সাধারণ সভা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ২০২১ সালের ১০ মার্চ জারি করা নির্দেশনায় হাইব্রিড পদ্ধতি চালু করা হয়। এতে শেয়ারহোল্ডারদের সভাস্থলে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল। একই সঙ্গে অনলাইন ভোটিং, সরাসরি ভোট, সভার কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং ভোটের ফলাফল যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছিল।
২০২৪ সালের জানুয়ারিতে বিএসইসি হাইব্রিড পদ্ধতিতে এজিএম আয়োজনে আরও কিছু নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনায় কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সভাস্থলে সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। পরিচালনা পর্ষদের অন্তত ২৫ শতাংশ সদস্যের শারীরিক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ, প্রশ্ন করার সুযোগ এবং কোম্পানির পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করা।
এরপর, ২০২৪ সালের মার্চে টানা পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে ডিজিটাল মাধ্যমে এজিএম ও ইজিএম আয়োজনের বিশেষ সুযোগ দেওয়া হয়। ডিজিটাল মাধ্যমে সাধারণ সভা আয়োজনের জন্য বিএসইসি স্বতন্ত্র সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের একটি প্যানেলও গঠন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন