প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে সংযুক্ত করেছে তুরাগ নদ। নদীর এক পাশে অবস্থিত ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, উত্তরখানসহ বিভিন্ন এলাকা। অপরদিকে রয়েছে শিল্পনগরী টঙ্গী। বর্তমানে তুরাগ নদ ঘিরে গড়ে উঠেছে মাদকের একটি বড় বাজার।
পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার কিছু সাধারণ বাসিন্দার সঙ্গে আলোচনা করে জানা যায়, টঙ্গী এবং উত্তরা এলাকায় পাইকারি মাদক কারবার চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঢাকার উত্তরায় অভিযান চালায়, তখন মাদক কারবারিরা নদী পার হয়ে টঙ্গীতে চলে আসে এবং টঙ্গীতে অভিযান চললে উত্তরা চলে যায়। তবে টঙ্গীতে মাদকের বড় বাজার গড়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে মাদকের বড় জোগানদাতা হিসেবে টঙ্গীর বাজার পরিচিত।
সূত্র জানায়, টঙ্গীতে যথেষ্ট সরকারি পতিত জমি রয়েছে, যা শ্রমিক অধ্যুষিত। এখানে ১৯টি বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির অধিকাংশ বাসিন্দা মাদক কারবারি, খুন, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এসব অপরাধীদের দিয়ে কম খরচে বড় বড় অপরাধ সংঘটন করানো সম্ভব।
বস্তিগুলিতে দুই ধরনের অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। বড় বয়সের অপরাধীরা সাধারণ অপরাধ সংঘটন করে থাকে, আর কিশোর বয়সীরা কিশোর গ্যাং গঠন করে দলবদ্ধ হয়ে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক সভা-সমাবেশ এবং মিছিলসহ বিভিন্ন কাজে এদের সহজেই ব্যবহার করা হয়।
রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের বক্তব্য অনুযায়ী, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের হয়ে যায়। এর ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পায় না। সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও এসব অপরাধে জড়িয়ে পড়েন।
টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত ১৯টি বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে, যাদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি বহিরাগত এবং বেকার। দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এসব মানুষ সহজেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক মহাসড়কের কয়েকজন ভাসমান দোকানি জানিয়েছেন, বস্তির পাশাপাশি মহাসড়ক, আঞ্চলিক সড়ক, বিভিন্ন শাখা সড়ক এবং ফ্লাইওভারের ওপরে ও নিচে প্রকাশ্যে মাদক কারবার ও ছিনতাই চলছে। বড় নেতাদের হয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় তারা।
গোয়েন্দা ও একাধিক সরকারি সংস্থার সূত্র জানায়, টঙ্গীর ১৯ বস্তিতে মাদকের পাইকারি বাজার রয়েছে। এখানে দুই শতাধিক পাইকারি মাদক কারবারি সক্রিয়। এর মধ্যে ৫০ জনের বেশি মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই ৫০ জনের তদারকি করার জন্য ১০ জনের বেশি শীর্ষ কারবারি রয়েছে। তাদের মতে, সরকার পরিবর্তন হলে শীর্ষ কারবারিরা পরিবর্তিত হয়, তবে সংখ্যায় তেমন পরিবর্তন ঘটে না। ফলে তারা সব সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধ সংঘটন করে যাচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তিতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গঠিত গ্রুপের সংখ্যা ৫০-এর বেশি। প্রত্যেক গ্রুপে ১০ থেকে ২৫ জন কিশোর সদস্য রয়েছে। এই কিশোর গ্যাং প্রকাশ্যে তাদের মহড়া দেয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদ নগর, টঙ্গীর পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড, গুটিয়াসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের মহড়া চলে। সাধারণ মানুষ মহড়া দেখলেও তাদের কিছু বলার সাহস নেই।
টঙ্গী স্টেশন রোডের একজন ফল ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে ফুটপাতে এবং ফ্লাইওভারের নিচে মাদক সেবন চলছে। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি হচ্ছে। মাদক সেবন করতে করতে মাঝে মাঝে রাস্তার পাশে মাদকসেবী মারা যায়। কিন্তু এসবের প্রতিবাদ করার সাহস আমাদের নেই।
পুলিশের সূত্রে পাওয়া সাম্প্রতিক অপরাধ চিত্র বলছে, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু নিয়ে টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে গত কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে একাধিক ব্যক্তি খুন হয়েছেন। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
মাদক কারবারের প্রভাব বিস্তার এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযান চালাচ্ছে, আবার অপরাধ কর্মকাণ্ডও চলছে সমান তালে। তবে পুলিশের অভিযানে বড় ধরনের কোনো কারবারি এখনো গ্রেপ্তার হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকের মামলা হয়েছে ১৩৭৬টি। এর মধ্যে মাদক কারবারির সংখ্যা ১৪৯৬ জন এবং মাদকসেবী ১০৬৬ জন। এই সময়ের মধ্যে ২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছে ৬৯ জন। ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়া ১০৪টি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছে ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে ৫৮১ জন।
জিএমপির উল্লিখিত অপরাধ চিত্র তুলে ধরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে জানান, টঙ্গীর মাজার বস্তির মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অসংখ্য মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনারের দাবি, টঙ্গীতে এখন আগের তুলনায় অপরাধ অনেকটা কমে এসেছে। তিনি বলেন, "আমাদের অভিযান নিয়মিত চলছে। আশা করি, টঙ্গী অপরাধমুক্ত হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন