প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে এবং কার্লোস এস্পিকে একসঙ্গে খেলানোর ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন কোচ হোসে মরিনিও। তাঁর মতে, একাদশে দুজনকে রাখলে দলের রক্ষণাত্মক ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে প্রতিপক্ষের পাল্টা আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়বে। ফলে দুর্দান্ত পারফরম্যান্স করেও আপাতত নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম ২১ বছর বয়সী এস্পির।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১৭ ম্যাচে ১৭ গোল করেছেন এমবাপ্পে। দলের প্রধান স্ট্রাইকার হিসেবে তাঁর অবস্থান বেশ শক্তিশালী। অন্যদিকে, গ্রীষ্মকালীন দলবদলে লেভান্তে থেকে প্রায় ২ কোটি ৯০ লাখ ডলারে রিয়ালে যোগ দেওয়া এস্পি সীমিত সুযোগ পেয়েও নজর কেড়েছেন।
এ পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। তবে সব মিলিয়ে খেলেছেন মাত্র ৬২ মিনিট। এই অল্প সময়েই করেছেন চার গোল। সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয়ে তাঁর শেষ মুহূর্তের গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।
এস্পিকে আরও বেশি সময় খেলানোর দাবি উঠলেও এমবাপ্পের সঙ্গে তাঁকে একাদশে রাখার বিষয়ে সতর্ক মরিনিও। দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলালে দলের রক্ষণভাগের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মরিনিও মজা করে বলেন, ‘আমি দুজনকে একসঙ্গে খেলাতে পারি। কিন্তু প্রতিপক্ষ যখন পাল্টা আক্রমণে যাবে, তখন হয়তো আমাকে নিজেই মাঠে নেমে প্রতিপক্ষকে ট্যাকল করে থামাতে হবে! বিষয়টা সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘মার্ক কুকুরেয়া যখন মাঠে নেমেছিল, তখন সে কেন্দ্রে থেকে ইয়াগো আসপাসকে মার্ক করছিল। কারণ, দুজন স্ট্রাইকার খেলালে প্রতিপক্ষকে আটকাতে আরও বেশি খেলোয়াড়কে দায়িত্ব নিতে হয়। বিষয়টি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।’
মরিনিওর মতে, দলের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে শুধু আক্রমণভাগের শক্তি বাড়ালেই হবে না, রক্ষণ সামলানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে গোল করলে আমরা জিততে পারতাম না। পাঁচ মিনিট আগে গোল করলে গতির প্রভাবে জেতা সম্ভব হতো, কিন্তু ধারাবাহিকতা থাকত না। আমার কাছে ৪-৪-২ ছকে উইঙ্গারদেরও কেন্দ্রের দিকে খেলতে হয়।’
বেঞ্চ থেকেই বেশি কার্যকর এস্পি?
এস্পির খেলার ধরন নিয়েও ব্যাখ্যা দিয়েছেন মরিনিও। তাঁর মতে, স্প্যানিশ তরুণ স্ট্রাইকার মূলত পেনাল্টি বক্সে কার্যকর, তবে সতীর্থদের সঙ্গে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে এমবাপ্পের মতো ভূমিকা পালন করেন না।
মরিনিও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। আমি বলতে চাই না যে এস্পি শুরুর একাদশে খেলতে পারে না। তবে কার্লোস মূলত পেনাল্টি বক্সের স্ট্রাইকার, আক্রমণ গড়ে তোলার খেলোয়াড় নয়।’
এস্পির শক্তির জায়গা সম্পর্কে তাঁর ব্যাখ্যা, ‘বক্সের ভেতরে তার ভালো মানের খেলা আছে। কাছের ও দূরের পোস্টে দারুণভাবে আক্রমণ করতে পারে। পেছন ফিরে বল নিয়েও খেলতে পারে।’
তরুণ এই স্ট্রাইকারের মানসিকতারও প্রশংসা করেছেন রিয়াল কোচ। তাঁর মতে, ফুটবল ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন, যাঁরা নিয়মিত মাঠে না নেমেও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
মরিনিও বলেন, ‘ফুটবলের ইতিহাসে এমন অনেক নির্ণায়ক খেলোয়াড় আছেন, যাঁরা খুব বেশি খেলেননি। কার্লোস বেশি খেলার দাবি নিয়ে নানা গল্পে জড়িয়ে পড়ে না। সে রিয়াল মাদ্রিদে থাকতে পেরে খুশি। কোচ, সতীর্থ ও সমর্থকদের কাছেও সে সম্মানিত। আমি আশা করি, তাকে শুরুর একাদশে বা নিয়মিত খেলার সুযোগ দিতে পারব।’
এস্পির চার গোলের পরও এমবাপ্পেকে ঘিরে রিয়ালের আক্রমণভাগের পরিকল্পনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেননি মরিনিও। আপাতত বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ভূমিকাতেই দেখা যেতে পারে তরুণ এই স্ট্রাইকারকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন