প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির একটি ভূস্বর্গ। বিশ্বের অন্যান্য স্থানে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, মাঝে মাঝে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভূস্বর্গটিকে উত্তপ্ত করার চেষ্টা করে। এ ধরনের দুষ্টচক্রকে আমাদের চিহ্নিত করা প্রয়োজন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী আরও বলেন, হাজার বছরের ইতিহাসে বিভিন্ন ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে অংশগ্রহণ করেন। আমরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি।
তিনি উল্লেখ করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলন, নব্বই কিংবা জুলাই গণঅভ্যুত্থানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংগীত জগতে লালন, রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মরমি, মুর্শিদি, মাইজভান্ডারি, কাওয়ালি ও বাউল গানের সহাবস্থান বিদ্যমান। বাউল দর্শন ও সুফিবাদের প্রভাব দেশের মানুষকে উদার এবং মানবতাবাদী হতে শিখিয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীউ মন্দির ও আর্মেনীয় গির্জা প্রমাণ করে যে, প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডে নানা সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে।
বাসসের প্রধান সম্পাদক বলেন, আমাদের মনে রাখতে হবে, একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না, হারিয়ে যায় একটি সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কাদের গনি চৌধুরী আরও বলেন, গত জাতীয় নির্বাচনের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন। সেখানে রেইনবো নেশন বলতে একটি অন্তর্ভুক্তি ও সম্প্রীতিমূলক রাষ্ট্রব্যবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল এবং জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এই ব্যবস্থায় সংখ্যাগুরু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উভয়েরই সমান মালিকানা থাকবে। কোনো বৈষম্য থাকবে না।
তিনি বলেন, সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে। এদেশে প্রতিটি মানুষের সমান মালিকানা রয়েছে। সেই বোধ থেকে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুত্ববাদকে মর্যাদার আসনে নিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (এইচএমআর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
এ সময় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন