প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিল্পকারখানা স্থাপনের লাইসেন্স, ছাড়পত্র ও সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ব্যবসা শুরুর ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা বিদ্যমান ছিল, তা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে যা ছিল ১৮২ থেকে ৩৫৫ দিন, বর্তমানে তা ১৪ থেকে ২০ দিনে নামিয়ে আনার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘শিল্পকারখানা স্থাপনে লাইসেন্স/ছাড়পত্র/অনাপত্তিপত্র/সার্টিফিকেট প্রাপ্তি সহজীকরণ’ শীর্ষক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাবিজ
জানা গেছে, ব্যবসা শুরুর প্রক্রিয়াকে সহজতর করার জন্য ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্মের জরুরি কার্যক্রম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে দ্রুত বাস্তবায়ন করা হবে। আগামী ২০২৭ সালের ১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার এপিআই সংযুক্তির মাধ্যমে সমন্বিত সেবা লাইভ করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরজেএসসির কার্যক্রম সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় করা হচ্ছে। অটোমেটেড নেইম ক্লিয়ারেন্স এবং কোম্পানি রেজিস্ট্রেশন এক দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নতুন প্ল্যাটফর্মের পাইলটিং শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে বিনিয়োগকারীরা এ স্বয়ংক্রিয় সেবা গ্রহণ করতে পারবেন। নিবন্ধন-পরবর্তী ৫৪টি সেবা দ্রুততম সময়ে প্রদানের জন্য অটোমেশন অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। ২০২৭ সালের ১৫ জানুয়ারি থেকে আরজেএসসির সব সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সহজীকরণ এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর, ফেস রিকগনিশন ও বায়োমেট্রিক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফায়ার সেফটি ও লাইসেন্স সংস্কার
ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং ডিজাইন অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর জন্য সফটওয়্যারভিত্তিক সম্পূর্ণ অটোমেশন (প্যারামিটার/ডেভিয়েশন যাচাই) প্রবর্তন করা হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে ফায়ার লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ঝুঁকিভিত্তিক ক্যাটাগরিতে অধিক মেয়াদের জন্য দেওয়ার সুপারিশ করা হয়েছে।
কারখানা চালুর পূর্বে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার সুবিধার্থে ফায়ার ও পরিবেশ ছাড়পত্রের চূড়ান্ত সনদের পরিবর্তে শুধুমাত্র অনলাইন আবেদন নম্বর/রেফারেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমে আইআরসি দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব প্রবাহ অক্ষুণ্ণ রেখে ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা দূর করতে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন’ এবং তা একক ইউনিক বিজনেস আইডি হিসেবে কাজ করার মতো করে ডিজাইন করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ব্যাংকিং চ্যানেল ও করের আওতায় আনা সহজ হবে।
যৌথ পরিদর্শন কাঠামো
উদ্যোক্তাদের বারবার পরিদর্শনের হয়রানি কমানোর জন্য ফায়ার, পরিবেশ ও কারখানা পরিদর্শনের সমন্বয়ে একটি ‘যৌথ পরিদর্শন’ কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।
পরিবেশগত ছাড়পত্র সহজীকরণ
অনলাইনে গণশুনানি, স্বীকৃত ল্যাব টেস্ট গ্রহণ এবং ইসিআর সংশোধনের মাধ্যমে পরিবেশ ছাড়পত্রের মেয়াদ তিন বা পাঁচ বছর করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ইনভেস্ট বাংলাদেশ কাজ শুরু করবে।
সভায় সংশ্লিষ্ট বক্তারা উল্লেখ করেছেন, এসব সংস্কার কার্যকর হলে দেশে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনা অত্যন্ত সহজ হয়ে উঠবে, যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, একক ‘ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)’ চালু হলে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ট্র্যাকিংয়ের আওতায় আনা সম্ভব হবে। এতে জাতীয় করের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনা সহজ হবে।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় এনে জাতীয় অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাতে এই সংস্কার কার্যক্রম সময়মতো বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ সর্বাত্মক ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন