প্রিন্ট এর তারিখঃ ২৪শে অক্টোবর, ২০২৬ইং; ০১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২১শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:১৮ পি.এম
কৃষিতে নারীদের ক্যারিয়ার গঠনে বহুমুখী সুযোগ ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
কৃষিতে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সরকারি-বেসরকারি চাকরি, গবেষণা, শিক্ষকতা ও উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গঠনে স্নাতক পর্যায় থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সংগঠন বিএইউ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন কর্তৃক (বিএইউএটিএইচ) আয়োজিত এক লাইভ সেশনে। এতে প্রচলিত চাকরির বাইরেও কৃষি ও সংশ্লিষ্ট খাতে নারীদের পেশাগত সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২১ অক্টোবর) 'উইমেন ইন অ্যাগ্রিকালচার: ক্যারিয়ার অপরচুনিটিজ অ্যান্ড বিয়ন্ড, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ক্যারিয়ার পাথওয়েজ’ শীর্ষক সেশনের অভিজ্ঞতা ও সার্থকতা সম্পর্কে আয়োজকেরা জানান, কৃষিতে নারীদের ক্যারিয়ার গঠনের বিভিন্ন সুযোগ, প্রস্তুতি ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দিতে আয়োজনটি সহায়ক হয়েছে। সরকারি-বেসরকারি চাকরি, উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্র সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
সেশনে একাডেমিক উৎকর্ষ, চাকরির প্রস্তুতি, উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাসহ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্নাতক পর্যায় থেকেই বিসিএস ও কৃষি ক্যাডারসহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কাজের সুযোগ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান এবং গবেষণাপত্র প্রকাশের মতো বিষয় আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি স্মার্ট কৃষি, এগ্রি-টেক, কৃষিভিত্তিক উদ্যোক্তা কার্যক্রম এবং প্রচলিত চাকরির বাইরে বিকল্প পেশা গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকদের প্রস্তুত করা প্রশ্নমালায় কর্মক্ষেত্রে নারীদের প্রতিবন্ধকতা, পেশাগত জীবনের বাস্তব অভিজ্ঞতা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার পরিকল্পনার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
বিএইউএটিএইচের প্রশাসনিক দায়িত্বে থাকা মালিহা রহমান বলেন, “প্রশ্নগুলো প্রাসঙ্গিক ছিল। ক্যারিয়ার ও পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমারও অনেক কিছু অজানা ছিল, আপুর কাছ থেকে অনেক কিছু জেনেছি। ওভারঅল ইনফরমেটিভ ছিল। নারীরা মোটিভেটেড হবে। ভালো-খারাপ সবকিছু লাইভ সেশনে বলা হয়েছে। চাকরি, পড়াশোনা, ক্যারিয়ার ও শিক্ষকতা নিয়ে নারীরা এখন থেকেই ফোকাস করতে পারবে। মোটকথা, সাজেশনমূলক একটা সেশন ছিল, যেটা একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীকে সব দিক দিয়ে সাহায্য করবে।”
সেশনের সঞ্চালক ফাহমিদা সুলতানা বর্ষা বলেন, “ প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। আমি ঠিকভাবে সবকিছু সামলাতে পারছিলাম না, কিছু সমস্যা হচ্ছিল। তাই আমি মনে করি, ব্যর্থতা নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে উন্নতি করার একটি সুযোগ। অভিজ্ঞতার কথা বলতে গেলে, এটি আমার প্রথমবার ছিল। সত্যি বলতে, যেভাবে আশা করেছিলাম, সেভাবে ভালো হয়নি। তবে এই অভিজ্ঞতা আমাকে বুঝতে সাহায্য করেছে, কোথায় কোথায় আমার উন্নতি করা প্রয়োজন। ইনশা আল্লাহ, এটিকে শেখার অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে আরও ভালো করার চেষ্টা করব।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"