প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, আগামী শনিবার থেকে দেশের সকল কলকারখানা স্বাভাবিকভাবে চালু হবে। তিনি উল্লেখ করেছেন, যদি শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রী জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকার এখন চায় শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ফিরে আসুক।
মন্ত্রী আরও বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, শিল্পকারখানা বন্ধ হলে শ্রমিক, মালিক এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই কোনও ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়া কাম্য নয়।
শ্রমিক পরিচয়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের চিহ্নিত করে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, "আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে।" তিনি উল্লেখ করেন, কিছুক্ষণ আগে দেখা গেছে, এরা শ্রমিকও নয়, শ্রমিক নেতাও নয়। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। তিনি মনে করেন, তাদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
মন্ত্রী শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, শ্রমিকদের কথা বলার অধিকার রয়েছে। একই সঙ্গে সরকারের দায়িত্ব হলো তাদের কথা শোনা। আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করা উচিত। সরকারের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।
মজুরি নির্ধারণের প্রক্রিয়া প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে। সরকার কোনও পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষ অবস্থান থেকে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। এজন্য তিনি নিম্নতম মজুরি বোর্ডের সদস্যসহ শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
শ্রমিকদের আয় বাড়ানোর সঙ্গে উৎপাদনশীলতার সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। শিল্পের অগ্রগতি এবং শ্রমিকদের স্বার্থ দুটিই রক্ষা করতে হবে। কোনও ধরনের বিশৃঙ্খলার কারণে কলকারখানা বন্ধ হয়ে যাক, তা সরকার চায় না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন