ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ঝিঁঝিঁ পোকা’ কিসমিস ও ‘ওল্ড পাওয়ার’ হরীতকী নিয়ে অন্যরকম সকাল


নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ঝিঁঝিঁ পোকা’ কিসমিস ও ‘ওল্ড পাওয়ার’ হরীতকী নিয়ে অন্যরকম সকাল

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা বিরাজমান, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ‘হু হা’ শব্দ ভেসে আসে। সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে তাদের গন্তব্য ক্লাস কিংবা জরুরি কাজের জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।

সেখানে সবাই একত্র হলেই শুরু হয় দৌড়। বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে আবার ফিরে যান তারা। এর পর চলে ব্যায়াম, যোগব্যায়াম ও আত্মরক্ষার অনুশীলন। এর মধ্যে যোগ হয় হাসি-কান্নার ব্যায়াম, গান এবং নানা মজার আয়োজন। কিন্তু এখানেই শেষ নয়, শরীরচর্চার পর্ব শেষে তাদের জন্য অপেক্ষা করে আরও কিছু ভিন্নধর্মী আয়োজন।

এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘কালমেঘ’-এর কার্যক্রম। সংগঠনটির নামকরণ একটি ঔষধি গাছের নাম থেকে করা হয়েছে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকতের উদ্যোগে এর যাত্রা শুরু হয়। প্রথম দিকে তিনি একা ভোরে উঠে হাঁটতেন ও দৌড়াতেন। পরে ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বর্তমানে সাবেক ও বর্তমান সদস্য মিলিয়ে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৫০০ জন।

আরও পড়ুন: জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিদিনের এই আয়োজন শুরু হয় ভোরে সদস্যদের একত্র হওয়ার মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ান তারা। দৌড় শেষে বিভিন্ন স্থানে চলে শরীরচর্চা। ব্যায়াম ও যোগব্যায়ামের পাশাপাশি অনুশীলন করা হয় মার্শাল আর্ট ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল। এর মধ্যে রয়েছে ‘হাসি-কান্নার ব্যায়াম’। সদস্যদের বিশ্বাস, এ ধরনের অনুশীলন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে।

শরীরচর্চার শেষ পর্যায়ে সবাই মিলে দেশের গান গেয়ে আনুষ্ঠানিকভাবে ব্যায়ামের পর্ব শেষ করেন। এরপর সকালের নাস্তা প্রস্তুতির কাজ শুরু হয়। একদল সদস্য ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত করেন, অন্য দল ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন নানা ধরনের গাছের পাতা ও লতাপাতা।

নাস্তার তালিকায় থাকে আমলকী, হরীতকী, থানকুনি, আমপাতা, বটপাতা, তেঁতুলপাতা, তুলসীপাতা ও কালমেঘের পাতাসহ বিভিন্ন ফল ও পাতা। পাশাপাশি থাকে ছোলা, বাদাম, খেজুর, কিসমিস এবং কালোজিরা। এসব খাবারের রয়েছে সংগঠনের নিজস্ব কিছু নাম। যেমন কিসমিসকে বলা হয় ‘ঝিঁঝিঁ পোকা’ আর হরীতকীকে বলা হয় ‘ওল্ড পাওয়ার’। প্রতিষ্ঠার শুরু থেকেই এসব খাবারের আয়োজন ও দেখভাল করছেন প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত।

শুধু প্রতিদিনের শরীরচর্চা নয়, শুক্রবারে সংগঠনের সদস্যরা সাপ্তাহিক পদযাত্রার আয়োজন করেন। এ সময় ত্রিশালের বিভিন্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান তারা।

আরও পড়ুন: এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিকসমূহ

কালমেঘের সদস্যদের মতে, নিয়মিত ভোরে ঘুম থেকে ওঠা এবং শরীরচর্চার অভ্যাস তাদের দৈনিক জীবনেও ইতিবাচক পরিবর্তন এনেছে।

কালমেঘের সেক্টর কমান্ডার মোস্তাফা কামাল বলেন, ‘২০১২ সাল থেকে কালমেঘ শরীরচর্চাবিষয়ক সংগঠন হিসেবে কাজ করছে। প্রতিদিন ভোরে নজরুল ভাস্কর্যের সামনে একত্র হয়ে ‘সুজালো’ ধ্বনির মাধ্যমে কার্যক্রম শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে বিভিন্ন ব্যায়াম করি। পরে নতুন ভবনের সামনে যোগব্যায়াম, মার্শাল আর্ট ও ‘হাসি-কান্নার ব্যায়াম’ অনুশীলন করি। সবশেষে দেশের গান গেয়ে ব্যায়াম শেষ করি। এরপর সবাই মিলে ফল, পাতা ও অন্যান্য খাবার খাই, যার আয়োজন দেখভাল করেন দ্রাবিড় সৈকত স্যার। প্রতি শুক্রবার সাপ্তাহিক পদযাত্রার মাধ্যমে ত্রিশালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।’

কালমেঘের নারী সদস্য নাবিলা বলেন, ‘আমিও আগে কখনও মর্নিং পারসন ছিলাম না। কালমেঘে আসার পর সকালে ঘুম থেকে ওঠার ভালো অভ্যাস তৈরি হয়েছে। সকালে উঠলে এমনিতেই দিনটা অনেক ভালো যায়। আমরা যেসব ব্যায়াম ও যোগব্যায়াম করি, সেগুলো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি মনে করি, প্রত্যেক মানুষেরই সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা উচিত। এতে মন ও শরীর দুটোই সুস্থ থাকে।’

কালমেঘের প্রতিষ্ঠাতা ও চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত বলেন, ‘একজন শিক্ষক হিসেবে দেখি, অনেক শিক্ষার্থী রাতে দেরি করে ঘুমায়, হতাশায় ভোগে এবং অনিয়মিত জীবনযাপন করে। সকালে ঘুম থেকে উঠে ভোরের আলো ও নির্মল বাতাসে কিছু সময় কাটালে মন প্রফুল্ল থাকে। এরপর ব্যায়াম করলে শরীরে ডোপামিন নিঃসরণ হয়, যা সারাদিন ভালো অনুভূতি নিয়ে কাজ করতে সহায়তা করে। আমি সবাইকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিই। কারণ, এই অভ্যাস জীবনকে নিয়মের মধ্যে আনার পাশাপাশি দিনের সময়কে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করে।

আরও পড়ুন: যে কারণে ৭৯ কলেজের প্রধানকে ডাকল কুমিল্লা বোর্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা মোশরেফুল আলম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


দিনাজপুরে আওয়ামী লীগ নেতা মোশরেফুল আলম গ্রেফতার

দিনাজপুর, ২৩ নভেম্বর, ২০২৬ : চিরিরবন্দর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. মোশরেফুল আলমকে সন্ত্রাস দমন প্রতিরোধ ও নাশকতার পৃথক দুটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১২টায় দিনাজপুর চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মো. মাহামুদুন নবী এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত সাড়ে ১০টায় পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। মোশরেফুল আলম চিরিরবন্দর উপজেলার থানাপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. আবুল হোসেন সরকারের পুত্র।

পুলিশের তথ্য অনুযায়ী, দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা সরকার বিরোধী নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনা করছেন। মোশরেফুল চিরিরবন্দর থানায় দায়ের করা একটি সন্ত্রাস দমন প্রতিরোধ এবং অপরটি নাশকতার মামলার এজাহারভূক্ত আসামী। রোববার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশরেফুলের কাছ থেকে সরকার বিরোধী আন্দোলন ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তিনি স্বীকার করেছেন যে, এসব ঘটনার সাথে জড়িত নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের চিহ্নিত নেতা-কর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার মোশরেফুল আলমকে আজ সোমবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পুলিশ নিশ্চিত করেছে, বিচারকের নির্দেশ পেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


খুলনায় ধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

খুলনা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা ও খুলনায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ খুলনা ধর্ষণ মামলার এজাহারভূক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

এই অভিযানটি গতকাল রোববার দিনভর অনুষ্ঠিত হয়। এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ এবং এসআরবি-৪ এর একটি যৌথ দল ঢাকার পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে খুলনা সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) কে গ্রেফতার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার নাগেরহাট পাঠান বাড়ির মৃত আব্দুল লতিফ পাঠানের পুত্র।

অন্যদিকে, একইদিন সন্ধ্যায় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা থানাধীন তিলক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় তিলক গ্রামের আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকান থেকে খুলনার লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার আসামি মো. মাশরাফি মোল্লা (২২) কে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশলি গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র।

গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে ডিএমপি’র পল্লবী ও খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে ৭৯ কলেজের প্রধানকে ডাকল কুমিল্লা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


যে কারণে ৭৯ কলেজের প্রধানকে ডাকল কুমিল্লা বোর্ড

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষ মঙ্গলবার জরুরি সভা আয়োজন করে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেছে।

বোর্ডের সূত্র অনুযায়ী, তলব হওয়া ৭৯ প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ৩১টি কলেজ রয়েছে, যা সর্বাধিক। নোয়াখালীতে ১৫টি, চাঁদপুরে ১৩টি, লক্ষ্মীপুরে ১১টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি এবং ফেনীতে ৪টি প্রতিষ্ঠানও রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসিতে ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় কেন ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ বিষয়ে স্পষ্ট কারণসহ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লা বোর্ডে এবারের গড় পাশের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

এদিকে, রোববার শোকজ নোটিশ পাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ মন্তব্য করেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় সব বোর্ডের জন্য অভিন্ন কঠিন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে, যা শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তাদের মতে, অনেক কলেজে বিজ্ঞান, আইসিটি, গণিত ও ইংরেজির মতো বিষয়গুলোর জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব রয়েছে। এই অবস্থায় কঠিন প্রশ্নপত্রের মাধ্যমে ভালো ফলাফল প্রত্যাশা করা দুঃখজনক বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানিয়েছেন, ফলাফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিখিত জবাবের পাশাপাশি তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে ফলাফল উন্নয়নের উপায় নিয়ে মতামত নেওয়া হবে। তবে যদি কারও ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার বিতর্কের মাঝে স্মিথের মাঠে ফেরায় উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


স্যান্ডপেপার বিতর্কের মাঝে স্মিথের মাঠে ফেরায় উষ্ণ অভ্যর্থনা

২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে স্টিভেন স্মিথ শেফিল্ড শিল্ডে ফিরেছেন। মাঠে ফেরার দিন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা লাভ করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর স্মিথ প্রথমবারের মতো মাঠে নামেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশ করার সময় দর্শকরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। ৩৭ বছর বয়সী স্মিথ ম্যাচের প্রথম দিন বেশির ভাগ সময় স্লিপে ফিল্ডিং করেন। দিন শেষে কুইন্সল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৪৯ রান। বল হাতে স্মিথ দুই ওভার লেগ স্পিনও করেন, তখনও দর্শকদের করতালি পান তিনি। দিনের খেলা শেষে ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন।

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নতুন করে আলোচনায় আসার পর স্মিথের মাঠে ফেরাটা বিশেষ তাৎপর্য বহন করছে। দক্ষিণ আফ্রিকায় সেই বিতর্ক নিয়ে সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। বইটিতে খাজা দাবি করেছেন, দলের সবাই বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানতেন।

বল টেম্পারিং কাণ্ডে স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অন্যতম কেন্দ্রীয় চরিত্র। পরে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত বিভিন্ন বিবরণে তার ভূমিকা নিয়ে বলা হয়েছে, শুরুতে ঘটনাটি সম্পর্কে না জানার অবস্থান নিলেও পরে প্রাথমিক ধামাচাপা দেওয়ার প্রক্রিয়ায় তিনি জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে নিজের ভুল স্বীকার করেন।

শুক্রবার (২০ নভেম্বর) স্মিথ রুদ্ধদ্বার অনুশীলন করেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর সেটিই ছিল তার একমাত্র নেট সেশন। ঘাড়ের চোটের কারণে সিরিজের শেষ টেস্ট খেলতে পারেননি তিনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সম্প্রতি নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন স্মিথ।

নতুন করে বিতর্ক সামনে এলেও স্মিথের মনোযোগ আপাতত ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাওয়া এবং আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রস্তুতিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%