প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিষেক ম্যাচ যেকোনো খেলোয়াড়ের জন্য একটি বিশেষ ঘটনা। এটি হয়ে ওঠে স্মরণীয় একটি মুহূর্ত।
এবং যদি সেই অভিষেকে গড়া হয় একটি বিশ্বরেকর্ড, তাহলে তা আরও বেশি গুরুত্বপূর্ণ।
আজ উইন্ডহুকে নামিবিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এমন একটি বিশ্বরেকর্ড গড়েছেন জর্ডান হারমান। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ১৫০ রানের একটি ইনিংস উপহার দিয়েছেন, যা ওয়ানডে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ।
হারমান তার স্বদেশি ম্যাথু ব্রিটজকের বিশ্বরেকর্ডকে স্পর্শ করেছেন। গত বছর লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান করেছিলেন ব্রিটজক।
এটি ছিল ব্রিটজকের প্রথম ওয়ানডে ম্যাচ।
ব্রিটজককে ভেঙেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের প্রায় ৪৭ বছর ধরে টিকে থাকা রেকর্ড। ১৯৭৮ সালে নিজের অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইন্স।
নামিবিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকা টস হারিয়ে ব্যাটিংয়ে নামে।
শুরুর দিকে হারমান বেশ সতর্ক ছিলেন। ৬১ বলে তিনি পূর্ণ করেন ফিফটি।
এরপর ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান। ৯৩ বলে পৌঁছে যান তিন অঙ্কে। শেষ পর্যন্ত ১২৬ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছক্কা মেরে ১৫০ রান করেন হারমান।
হারমানের সামনে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ ছিল। ১ রান করলেই তিনি নতুন বিশ্বরেকর্ড গড়তেন। কিন্তু ৪২তম ওভারে রুবেন ট্রাম্পেলমানের বলে আউট হয়ে যান। ফলে ব্রিটজকের রেকর্ডে ভাগ বসিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে।
অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার পঞ্চম ব্যাটার হলেন ২৪ বছর বয়সী জর্ডান হারমান। তার আগে এই কীর্তি ছিল কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেনড্রিকস ও ম্যাথু ব্রিটজকের।
হারমানের ১৫০, টনি ডি জর্জির ৭২ ও করবিন বশের ঝোড়ো ৩৯ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান করেছে।
লক্ষ্য তাড়ায় স্বাগতিক নামিবিয়া ২১.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করার পর বৃষ্টি নেমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান
জর্ডান হারমান (দক্ষিণ আফ্রিকা) ১৫০
ম্যাথু ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা) ১৫০
ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৮
রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ১২৭
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন