প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীত মৌসুমের প্রাক্কালে ইরান প্রাকৃতিক গ্যাসের ঘাটতির আশঙ্কায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে দেশটির গ্যাস উৎপাদন অবকাঠামোর ক্ষতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান ইতিমধ্যেই জ্বালানি খাতে সংকটে ছিল। বর্তমানে যুদ্ধের ক্ষতি সেই সংকটকে আরো বৃদ্ধি করেছে।
বিশ্বে প্রাকৃতিক গ্যাসের প্রমাণিত মজুতের দিক থেকে ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। রাশিয়ার পর ইরানের রয়েছে সবচেয়ে বেশি গ্যাসের মজুত। তবে, শীতকালে চাহিদার তুলনায় দৈনিক প্রায় ৪৩ কোটি ঘনমিটার গ্যাসের ঘাটতি হতে পারে বলে গত সপ্তাহে পূর্বাভাস দিয়েছে ইরান সরকার। এই ঘাটতির ফলে আবাসিক গ্রাহক এবং শিল্পকারখানাগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ইরানের জ্বালানি অবকাঠামো দীর্ঘদিন ধরে পুরোনো হয়ে পড়েছে। যথেষ্ট বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় অর্থ এবং সরঞ্জাম সংগ্রহে সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া, গ্যাসের অদক্ষ ব্যবহার এবং সংরক্ষণ সক্ষমতার ঘাটতি কর্তৃপক্ষের কাছে সংকটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চলমান যুদ্ধে অবকাঠামোর ক্ষয়ক্ষতি এই সমস্যাকে আরো বাড়িয়েছে।
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির প্রধান সাঈদ তাভাকোলি গত সপ্তাহে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ১৮ মার্চ ছয়টি শোধনাগারে ২৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পরপরই দেশটির গ্যাস উৎপাদন সক্ষমতার ২৮ শতাংশ বন্ধ হয়ে যায়।
সরকারের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ১০ কোটি ঘনমিটার গ্যাস প্রক্রিয়াজাত করার সক্ষমতা ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় হারানো অতিরিক্ত ১৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
ইরানের জ্বালানি সমিতির ইউনিয়নের প্রধান হাশেম ওরাই গত সপ্তাহে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, গ্যাসের ঘাটতি পূরণে আমদানির ওপর নির্ভর করার সুযোগ নেই। গ্যাসের সরবরাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদনেও বিঘ্ন ঘটতে পারে। কারণ, দেশের বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র গ্যাসের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদনে এমন পরিস্থিতিতে বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এসব কেন্দ্র তুলনামূলক সস্তা জ্বালানি মাজুত পোড়ায়। তবে, এই জ্বালানি ব্যবহারে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এ বছর মাজুত পোড়ানো অব্যাহত থাকবে বলে শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইলনাকে জানিয়েছেন দেশের উপ জ্বালানিমন্ত্রী মোস্তফা রাজাবি মাশহাদি। যুক্তরাষ্ট্রের জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অতিথি ফেলো ও জ্বালানি কৌশলবিদ উমুদ শোকরি বলেন, আগামী কয়েক বছরেও ইরানের গ্যাস খাতের সমস্যাগুলো সমাধান না হলে এর প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না। শিল্প উৎপাদন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং মানুষের জীবনযাত্রার মানও ক্ষতিগ্রস্ত হবে।
আলজাজিরাকে শোকরি বলেন, ‘আমার মতে, ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানিসম্পদের অভাব নয়। বরং এসব সম্পদকে দেশের মানুষ ও অর্থনীতির জন্য নির্ভরযোগ্য সরবরাহে রূপান্তর করতে না পারা। গুরুতর সংস্কার, ধারাবাহিক বিনিয়োগ এবং জ্বালানি ব্যবস্থাপনার উন্নতি না হলে এখনকার মৌসুমি সংকট ধীরে ধীরে সারা বছরের সমস্যায় পরিণত হতে পারে।’
দেশজুড়ে গ্যাসসংকটের আশঙ্কা
ইরানের জাতীয় গ্যাস কোম্পানির প্রধান তাভাকোলি গত সপ্তাহে জানান, দেশটির মোট জ্বালানি ব্যবহারের ৭৩ শতাংশই আসে প্রাকৃতিক গ্যাস থেকে। বর্তমানে আবাসিক খাতে প্রতিদিন গ্যাসের ব্যবহার ৪৮ কোটি ঘনমিটারে পৌঁছেছে। শীত ঘনিয়ে এলে এই চাহিদা আরো দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গত শীতে আবাসিক গ্রাহক, ব্যবসাপ্রতিষ্ঠান ও ছোট শিল্পকারখানায় গ্যাসের সর্বোচ্চ দৈনিক ব্যবহার ছিল ৭৩ কোটি ৭০ লাখ ঘনমিটার। জাতীয় গ্যাস কোম্পানির হিসাব অনুযায়ী, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১১টি প্রদেশ এ শীতে গ্যাসসংকটের ঝুঁকিতে রয়েছে। উত্তরের কয়েকটি প্রদেশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এসব প্রদেশের মধ্যে রয়েছে মাজানদারান, গোলেস্তান ও উত্তর খোরাসান। শীতের কারণে গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়া এবং সঞ্চালন লাইনের শেষ প্রান্তে অবস্থানের কারণে এসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সতর্ক করে বলেন, গ্যাসের ব্যবহার বাড়তে থাকলে তেহরানসহ সারা দেশে সরবরাহ বন্ধ করে দিতে হতে পারে। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে দ্রুত তা আবার চালু করা যায়। কিন্তু গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার পর তা পুনরায় চালু করতে অনেক সময় লাগে। তাই সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে আমাদের কাজ করতে হবে।’
গ্যাসের ঘাটতির কারণে আবাসিক গ্রাহক বা শিল্পকারখানার কার্যক্রম বন্ধ হতে না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছে সরকার। তবে গত শনিবার দক্ষিণ ইরানের জ্বালানি উৎপাদনকেন্দ্র আসালুয়েহতে অবস্থিত জাগরোস পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জানায়, জাতীয় গ্যাস কোম্পানির নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের একটি মিথানল উৎপাদন ইউনিট বন্ধ রাখা হয়েছে।
জার্মানির ভূরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড জলিলভান্ড বলেন, গ্যাসসংকটের সবচেয়ে বড় ধাক্কা শিল্প খাতেই লাগবে। কারণ, কর্তৃপক্ষ প্রথমে আবাসিক গ্রাহকদের সরবরাহ নিশ্চিত করতে চাইবে। দেশটির মানুষ ঘর গরম রাখার জন্য গ্যাসের ওপর নির্ভরশীল।
তবে তিনি আলজাজিরাকে বলেন, ‘আবাসিক গ্রাহকদের অগ্রাধিকার দিলেই যে তাদের গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে, এমন নিশ্চয়তা নেই। ঘাটতি তীব্র হলে তাঁদের সরবরাহও ব্যাহত হতে পারে।’
গ্যাসের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন দপ্তরকে ২০ শতাংশ ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সরকারি কার্যালয়ের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাসাবাড়িতে তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ছুটির দিনগুলোতে সরকারি কার্যালয়ের হিটিং ব্যবস্থা বন্ধ রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
সরকার জানিয়েছে, গত সপ্তাহে পরিদর্শনের সময় জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা না মানায় তেহরানের শিক্ষা মন্ত্রণালয়ের ভবনসহ আরও পাঁচটি সরকারি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে, ইরান দীর্ঘদিন ধরে পেট্রলের সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতার সঙ্গেও লড়ছে। গ্রীষ্ম ও শরতের শুরুর দিকে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি মেটাতে বিভিন্ন সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এক বছরেরও কম সময়ের মধ্যে পেট্রলের দাম দুই দফা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক পেট্রল বরাদ্দও উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার।
ঘাটতি মোকাবিলায় নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে আসছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী কয়েক মাসে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
জ্বালানি ব্যবহার কমানোর অংশ হিসেবে অক্টোবরে জারি করা এক নির্দেশনায় যোগ্য সরকারি কর্মচারীদের সপ্তাহে অন্তত দুই দিন বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে। সপ্তাহের এক দিন ব্যক্তিগত গাড়ির বদলে অন্য উপায়ে যাতায়াতেও উৎসাহিত করা হয়েছে।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ গত সপ্তাহে বলেন, ‘মানুষের সঙ্গে আমাদের সৎভাবে কথা বলতে হবে। বোঝাতে হবে, আগের বছরগুলোর ভারসাম্যহীনতা এবং যুদ্ধের ক্ষতির কারণে আমরা গ্যাসসংকটে পড়েছি। তাই গ্যাস সাশ্রয় করা প্রয়োজন।’
যেসব গ্রাহক বেশি গ্যাস ব্যবহার করেন, তাদেরও সতর্ক করেছে সরকার। ব্যবহার না কমালে তাদের গ্যাসের দাম বহুগুণ বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
ওরিয়েন্ট ম্যাটার্সের জলিলভান্ড বলেন, ইরান ও কাতারের মধ্যে ভাগাভাগি করা বিশ্বের বৃহত্তম সমুদ্রের নিচের গ্যাসক্ষেত্র সাউথ পার্সের উন্নয়ন গ্যাসের সরবরাহ বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে উৎপাদন বৃদ্ধির ধারা ধরে রাখতে এখন ক্রমবর্ধমান কারিগরি সমস্যার সমাধান জরুরি। এ জন্য বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োজন।
তিনি বলেন, চাহিদার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানোর বিপুল সুযোগ ইরানের রয়েছে। তবে তা কাজে লাগাতে বিনিয়োগ, প্রযুক্তি ও অভ্যন্তরীণ নীতিতে সংস্কার দরকার। বিশেষ করে জ্বালানিতে বড় অঙ্কের ভর্তুকির বিষয়টি সমাধান করতে হবে। বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় যুক্ত হতে পারলে এসব উন্নয়নে অর্থায়ন ও বাস্তবায়ন অনেক সহজ হবে।
ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে ছোট একটি অ্যাপার্টমেন্ট হোটেল পরিচালনা করেন হামেদ। তিনি আল-জাজিরাকে বলেন, গত বছর তার হোটেলে গ্যাসের চাপ কমে গিয়েছিল। যদিও তাঁদের ব্যবহার বেশি ছিল না। তবে পুরোপুরি গ্যাস বন্ধ হয়ে যায়নি।
হামেদ বলেন, গ্যাসের চাপ কমে গেলে অতিথিদের কক্ষ গরম রাখা কঠিন হয়ে পড়ে। গোসল ও স্যানিটেশনের জন্য গরম পানির বয়লারও ঠিকমতো কাজ করে না। পাশাপাশি হোটেলের রান্নাঘরের বেশিরভাগ কার্যক্রম ব্যাহত হয়।
তিনি বলেন, ‘এতে কার্যত সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। আমি সত্যিই আশা করি, এ বছর পরিস্থিতি এতটা খারাপ হবে না।’
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন