প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন ব্যক্তি।
সোমবার, স্থানীয় সময় বেলা ১১টা ৪৬ মিনিটে ইজমির শহরের কাছে আলিয়াগা এলাকায় হাবাস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।
ঘটনার পর, বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন এরদোয়ান। এদিকে, ইজমিরের গভর্নর জানিয়েছেন যে, কারখানার একটি বড় শিল্প চুল্লির বয়লার পরিবর্তনের কাজ চলছিল। সেই সময়, ওপরের দিকে থাকা একটি ক্রেন ছিঁড়ে চুল্লির ওপর পড়ে, যার ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইজমিরের মেয়র জেমিল তুগায় জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরানোর পরই হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রত্যক্ষদর্শী দেনিজ উলকার বিস্ফোরণের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন, ঘটনাটি তার কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছিল। তিনি উল্লেখ করেন, "আমি যখন রাস্তার ওপাশের কারখানাটির দিকে তাকাই, তখন সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখছিলাম। চিমনির কাছে আগুন জ্বলছিল।"
এদিকে, শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেছেন যে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে।
তুরস্কের ছোট বামপন্থি রাজনৈতিক দল লেবার পার্টির ইজমির শাখা জানিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে এটি কারখানাটিতে তৃতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দলটি জানিয়েছে, গত ১০ বছরে এই কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় সাতজন কর্মী নিহত হয়েছেন। তারা অভিযোগ করেছেন যে, কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আজারবাইজানসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন