প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী সুজা ২০২৪ সালের ৫ নভেম্বর সরকারি আদেশের মাধ্যমে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ কারণে তিনি স্থানীয় জনগণের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন। জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করে দলীয় নেতাকর্মীদের প্রশংসা অর্জন করেছেন বলেও জানা গেছে।
এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য তাঁর বদলির আদেশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী দিনমজুর রুবেল খান বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে আমি যখন হিমশিম খাচ্ছিলাম, তখন মানবিক ইউএনও আলী সুজা আমার পরিবারের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতায় আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি।”
নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়েও ইউএনও আলী সুজা বিভিন্ন এলাকার অবহেলিত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাঁদের পুনর্বাসনে সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাঁর বদলির খবরে তাঁরা মর্মাহত। তাঁরা মনে করেন, উজিরপুরে আরও কিছুদিন দায়িত্ব পালন করলে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করে সেখানে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন