প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে রাজনীতির ক্ষেত্রে নতুন প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় ও রাজ্য পর্যায়ের নির্বাচনে ১৮ ও ১৯ বছর বয়সী তরুণ-তরুণীরা জয়ী হয়েছেন। কিছু তরুণ সদ্য উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তবুও, তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কাউন্টি বোর্ডের সদস্য, কেউ স্কুল বোর্ডের প্রতিনিধি, আবার কেউ সরাসরি অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মদ কেনা ও পান করার আইনগত ন্যূনতম বয়স ২১ বছর। এর মানে, নির্বাচনে জয়ী হওয়া এসব তরুণের অনেকেই এখনো বৈধভাবে বিয়ার কেনার বয়সে পৌঁছাননি। কিন্তু তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষা, কৃষি, অবকাঠামো ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিতে যাচ্ছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এসব তরুণ জনপ্রতিনিধির অভিজ্ঞতা এবং নির্বাচনে তাদের সাফল্য অন্যদেরকেও অনুপ্রাণিত করছে। বিশেষজ্ঞদের মতে, এসব জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জেনারেশন জেড বা জেন-জির ক্রমবর্ধমান আগ্রহ ও অংশগ্রহণের ইঙ্গিত প্রদান করছে।
১৯ বছর বয়সে দীর্ঘদিনের আইনপ্রণেতাকে হারালেন ড্যানিয়েল। এবারের নির্বাচনে আলোচিত তরুণ প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন ড্যানিয়েল ড্যারিস-ও'কনর। ১৯ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ২২তম মিডলসেক্স জেলা থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ১৬ বছর ধরে দায়িত্ব পালনকারী ৪৪ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী মার্ক লোমবার্ডোকে পরাজিত করেছেন।
নির্বাচনের রাতে নিজের বাবা-মায়ের বাড়িতে বসে ভোটের ফলাফল দেখছিলেন ড্যানিয়েল। তিনি মজা করে বলতেন, জায়গাটিকে তার নির্বাচনী প্রচারের সদর দপ্তর। রাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভোটের ফলাফল তার পক্ষে আসতে থাকে। শেষ পর্যন্ত দীর্ঘদিনের দায়িত্বশীল প্রার্থীকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন তিনি।
ড্যানিয়েলের রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হয় করোনা মহামারির সময়। তখন তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মা একটি নার্সিং হোমে সহকারী হিসেবে কাজ করতেন। মহামারির সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং জনজীবনে তার প্রভাব কাছ থেকে দেখে রাজনীতি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে নিজ শহর বিলেরিকার পাঁচ সদস্যের সিলেক্ট বোর্ডে নির্বাচিত হন ড্যানিয়েল। সেখানে দায়িত্ব পালনকালে শহরের পানি অবকাঠামোয় বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের মতো কাজে যুক্ত ছিলেন। স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতা তাকে আরো বড় পরিসরে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে।
রাজ্য প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রচারের সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এক হাজারের বেশি বাড়িতে প্রচার চালান। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল আবাসন, স্বাস্থ্যসেবা ও জ্বালানির ব্যয় কমানো।
ড্যানিয়েলের ভাষ্য, তিনি নিজেকে কেবল তরুণ প্রার্থী হিসেবে তুলে ধরতে চাননি। বরং বিভিন্ন বয়সের মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো সমাধানের বিষয়েই গুরুত্ব দিয়েছেন।
১৮ বছরেই স্কুল বোর্ডের সদস্য সুকাইনা
নিউ জার্সির গুটেনবার্গ শহরে ১৮ বছর বয়সে স্কুল বোর্ডের নির্বাচনে জয়ী হয়েছেন সুকাইনা তেহফা। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের নিউয়ার্ক ক্যাম্পাসের প্রথম বর্ষের এই শিক্ষার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শহরটির ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সে নির্বাচিত স্কুল বোর্ড সদস্য।
মাত্র ১৭ বছর বয়সে স্থানীয় ক্লার্কের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন, কত বছর বয়স হলে সরকারি পদে নির্বাচনে অংশ নেওয়া যায়। তাকে জানানো হয়, ন্যূনতম বয়স ১৮ বছর। এরপর স্কুল বোর্ডের নির্বাচন সামনে আসতেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সুকাইনার অনুপ্রেরণার তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি স্যান্ড্রা ডে ও'কনর এবং রুথ বেডার গিন্সবার্গ। বিশেষ করে গিন্সবার্গের জীবন ও কর্ম তাকে জনসেবায় আসতে উৎসাহিত করেছে।
সদ্য স্কুলজীবন শেষ করা সুকাইনা মনে করেন, শিক্ষার্থীদের সমস্যা ও প্রত্যাশা বোঝার জন্য তাদের কাছাকাছি বয়সী একজন প্রতিনিধির প্রয়োজন। নির্বাচনী প্রচারে শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি।
নতুন দায়িত্বে স্কুলের নীতিনির্ধারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট অনুমোদনে ভোট দেওয়ার সুযোগ পাবেন সুকাইনা। তার মতে, এত দিন বয়স্করাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদেরও নিজেদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্পর্কে মতামত দেওয়ার অধিকার থাকা উচিত।
১৮তম জন্মদিনের পাঁচ দিন পরই নির্বাচনে জয় পেয়েছেন জ্যারেট হার্ডিন। কেন্টাকি অঙ্গরাজ্যের ব্রেথিট কাউন্টিতে ১৮ বছর বয়সে মাটি ও পানি সংরক্ষণ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ৩ নভেম্বরের নির্বাচনে জয় পাওয়ার মাত্র পাঁচ দিন আগে তার ১৮তম জন্মদিন ছিল। ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমে জনসেবার সঙ্গে পরিচিতি তার। তাকে বড় করেছেন দাদা-দাদি। তার দাদা ছিলেন কেন্টাকির জ্যাকসন শহরের পুলিশপ্রধান এবং দাদি একজন নার্স।
উচ্চমাধ্যমিকে পড়ার সময় কৃষিবিষয়ক বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয় হার্ডিনের। কৃষিবিষয়ক ক্লাসের পাশাপাশি তিনি এফএফএ নামের কৃষি ও নেতৃত্ববিষয়ক সংগঠনের কার্যক্রমেও যুক্ত ছিলেন। বর্তমানে স্থানীয় একটি ফিউনারেল হোমে কাজ করেন তিনি।
হার্ডিনের নির্বাচনী এলাকার কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা আগের তুলনায় কমেছে। স্থানীয় কৃষি ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান তিনি। বিশেষ করে কৃষির সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করা এবং স্থানীয় স্কুলগুলোতে বিনিয়োগের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ।
এ ছাড়া কাউন্টির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া কুডজু নামের আগ্রাসী লতাগাছ নিয়ন্ত্রণের বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হার্ডিনের মতে, স্থানীয় সরকারে আরো বেশি তরুণের অংশগ্রহণ প্রয়োজন। তার বিশ্বাস, তরুণদেরও নিজেদের এলাকার উন্নয়নে দায়িত্ব নেওয়ার সুযোগ থাকা উচিত।
১৮ বছর বয়সে কাউন্টি বোর্ডে বেন অ্যাকারম্যান। ইলিনয় অঙ্গরাজ্যের টেজওয়েল কাউন্টির বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন ১৮ বছর বয়সী বেন অ্যাকারম্যান। তার নির্বাচনে অংশ নেওয়ার পেছনে ভূমিকা ছিল এক আত্মীয়ের। কাউন্টির ক্লার্ক হিসেবে দায়িত্ব পালন করা তার চাচাতো ভাই জন অ্যাকারম্যান প্রথম তাকে নির্বাচনে দাঁড়ানোর পরামর্শ দেন।
এর আগে বন্ধুদের সঙ্গে স্প্রিংফিল্ডে একটি অনুশীলনমূলক আইনসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন বেন। সেখানে কিশোর-তরুণেরা বিভিন্ন বিল উত্থাপন ও পাস করার অনুশীলন করেন। সেই অভিজ্ঞতা তার রাজনৈতিক আগ্রহ আরো বাড়িয়ে দেয়। নির্বাচনে অংশ নেওয়ার আগে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেন তিনি। শুরুতে তারা কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরে ছেলের সিদ্ধান্তে সম্মতি দেন।
নতুন দায়িত্বের পাশাপাশি বেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় খণ্ডকালীন কাজ করবেন এবং ভার্জিনিয়ার লিবার্টি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাবেন। কোনো একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনে দাঁড়াননি তিনি। বরং তার নির্বাচনী এলাকার মানুষের ক্ষতি হতে পারে, এমন সিদ্ধান্ত ও উদ্যোগের দিকে নজর রাখার কথা জানিয়েছেন।
১৯ বছর বয়সে গুরুত্বপূর্ণ সরকারি পদে সেবাস্টিয়ান মাত্তা। অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারিকোপা কাউন্টির সুপিরিয়র কোর্টের ক্লার্ক নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী সেবাস্টিয়ান মাত্তা। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম কাউন্টি হিসেবে পরিচিত মারিকোপার এই পদে তার জয়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মাত্তা নির্বাচনে পরাজিত করেছেন সাবেক রিপাবলিকান স্টেট সিনেটর জেফ ডায়ালকে। তিনি ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। কাউন্টির সুপিরিয়র কোর্টের ক্লার্ক হিসেবে বিয়ে নিবন্ধনের লাইসেন্স দেওয়া, পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ, আদালতের ফি সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ বিচারিক নথি সংরক্ষণের মতো দায়িত্ব পালন করতে হবে তাকে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চার বছর মেয়াদি এ দায়িত্ব পালন করবেন মাত্তা। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের শুরুতে কার্যালয়ের কর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং প্রশাসনিক কার্যক্রম বোঝার ওপর গুরুত্ব দেবেন।
তরুণদের রাজনীতিতে আগ্রহ বাড়ছে কেন
যুক্তরাষ্ট্রে তরুণদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জেনারেশন জেডের মধ্যে রাজনীতি ও জনসেবায় আগ্রহ বাড়ছে।
ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিক ও নীতিনির্ধারকদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ফিউচার ককাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী জেন-জি প্রার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬০, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ১১৭-তে।
অন্যদিকে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইলেক্টেড লিডারস প্রজেক্টের তথ্য বলছে, ২০২৬ সালের নির্বাচনে কংগ্রেসের জন্য বড় দুই দলের মনোনয়ন পাওয়া ৩৫ বছর বা তার কম বয়সী প্রার্থীর সংখ্যা ছিল ৫৬।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ঈগলটন ইনস্টিটিউট অব পলিটিকসের পরিচালক এলিজাবেথ সি ম্যাটো মনে করেন, তরুণদের মধ্যে রাজনৈতিক দায়িত্ব নেওয়ার আগ্রহ বাড়ছে। সমাজে পরিবর্তন আনা এবং সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তাদের নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছে।
তরুণদের ভোট দেওয়ার প্রবণতাতেও এর প্রতিফলন দেখা যায়। টাফটস বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ১৮ থেকে ২৪ বছর বয়সী জেন-জি ভোটারদের ২৮ দশমিক ৪ শতাংশ ভোট দিয়েছিলেন। তুলনায় ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একই বয়সী মিলেনিয়ালদের ভোট দেওয়ার হার ছিল ২৩ শতাংশ। ১৯৯০ সালের মধ্যবর্তী নির্বাচনে একই বয়সী জেনারেশন এক্সের ভোট দেওয়ার হার ছিল ২৩ দশমিক ৫ শতাংশ।
তবে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়লেও সব ক্ষেত্রে তাদের জন্য পথ সহজ নয়। নির্বাচনী প্রচারের অর্থ সংগ্রহ, রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি, দলীয় সমর্থন এবং ভোটারদের আস্থা অর্জন—এসবই তরুণ প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।
আগের প্রজন্মের অভিজ্ঞতা থেকে শিখছেন নতুন জনপ্রতিনিধিরা। নিউ হ্যাম্পশায়ারের সাবেক প্রতিনিধি ভ্যালেরি ম্যাকডোনেলের অভিজ্ঞতাও তরুণ জনপ্রতিনিধিদের জন্য গুরুত্বপূর্ণ। মাত্র ১৭ বছর বয়সে নির্বাচনী প্রচার শুরু করে ১৮ বছর বয়সে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে ২২ বছর বয়সী ম্যাকডোনেল আইন বিষয়ে পড়াশোনা করছেন এবং সম্প্রতি তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
প্রথমবার আইনসভায় যোগ দেওয়ার সময় প্রায় সব ক্ষেত্রেই নিজেকে অন্যদের তুলনায় আলাদা মনে হতো তাঁর। সহকর্মীদের অধিকাংশই ছিলেন বয়সে বড় ও অভিজ্ঞ। তাই শুরুতে প্রতিটি বৈঠকে সময়মতো উপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে আন্তরিকতার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেন তিনি।
তবে তরুণ হওয়ার কিছু সুবিধাও রয়েছে বলে মনে করেন ম্যাকডোনেল। তার মতে, তরুণ জনপ্রতিনিধিরা নিজেদের বয়সী ভোটারদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন। আবার শিক্ষা কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থী হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরারও সুযোগ পান।
নতুন নির্বাচিত তরুণ জনপ্রতিনিধিদের উদ্দেশে তার পরামর্শ, অভিজ্ঞ সহকর্মীদের কাছ থেকে শিখতে হবে, প্রশ্ন করতে হবে এবং সবার সঙ্গে সহজে যোগাযোগের সম্পর্ক গড়ে তুলতে হবে।
রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তন
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১৮ ও ১৯ বছর বয়সীদের জয় দেশটির রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের একটি চিত্র তুলে ধরেছে। স্থানীয় সরকার থেকে অঙ্গরাজ্যের আইনসভা—বিভিন্ন স্তরে দায়িত্ব নিতে যাচ্ছেন তারা। তাদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি রয়েছে অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে জনআস্থা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে বয়সের সীমা পেরিয়ে রাজনীতিতে নিজেদের জায়গা করে নেওয়ার এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, ফিউচার ককাস, রাটগার্স বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, কেজেজেড, কেন্টাকির ডব্লিউকেওয়াইটি, ম্যাসাচুসেটসের সরকারি নির্বাচনসংক্রান্ত তথ্য ও এওএল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন