প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিস্থিতি হঠাৎ করে উদ্ভব হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার কারণে জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক রাজনৈতিক শক্তিগুলো আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছুদিন আগে পরস্পরের সমালোচনায় ব্যস্ত ছিল, কিন্তু এখন তাদের মধ্যে ঐক্যের আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা ছিল যে, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ঠেকাতে এই দলগুলো একত্রিত হবে। বাস্তবে সেই সম্ভাবনা এখন দৃশ্যমান। তবে প্রশ্ন হলো, এই ঐক্য কতটা আন্তরিক এবং কতটা টেকসই হবে? এর প্রধান দায়িত্ব বিএনপির উপর বর্তায়।
এটি অস্বীকার করার উপায় নেই যে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিছুটা ভুল করেছে। দলের অনেক নেতা-মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখা গেছে। তারা জামায়াত ও এনসিপিকে আক্রমণ করতেই বেশি আগ্রহী ছিলেন, আওয়ামী লীগের সমালোচনা বাদ দিয়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের টেলিভিশনের টকশোতে কথা বলার সুযোগ দেওয়া। তাদের বক্তব্যের মূল লক্ষ্য ছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত ও এনসিপিকে আক্রমণ এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা।
গত কয়েক দিনের সহিংসতা বিএনপিকে নতুন করে বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য করেছে। যে দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের দমন করেছে, সেই দলকে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে বিপুল প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার দায় এখনো অমীমাংসিত। অথচ দলের মধ্যে অনুশোচনা বা দায় স্বীকারের কোনো লক্ষণ নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানও এখন জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি উল্লেখ করেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেছেন। তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।
এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের ভেতরেও একসময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা গেছে। এখন সেই অস্পষ্টতা দূর করা জরুরি। রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে আবেগ নয়, আইন, বিচার ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কাউকে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়ারও অবকাশ নেই।
হেফাজতে ইসলামও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। তাদের বক্তব্য, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ তারা ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কাজ করা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছেন। সেটি হলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তার মতে, জুলাই সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। সেই সনদ বাস্তবায়ন না করে নতুন করে ঐক্যের ডাক দিলে তা কতটা গ্রহণযোগ্য হবে?
এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটি নিঃশর্ত ঐক্য চায় না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া।’ তার মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক ঐক্য ছিল। নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছেÑঅর্থাৎ সেই ঐক্যে কোথাও চিড় ধরেছে। কেন ধরেছে, তা অনুসন্ধান করতে হবে।
এনসিপির প্রশ্নগুলোও উপেক্ষা করার সুযোগ নেই। জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে? আওয়ামী লীগকে স্বাভাবিক করার চেষ্টা কেন দেখা যাচ্ছে? সংস্কারের প্রশ্নে গণভোটের রায় কোথায় বাস্তবায়িত হলো? ঐক্য কি শুধু সাময়িক রাজনৈতিক প্রয়োজনে, নাকি এর দীর্ঘমেয়াদি ভিত্তি থাকবে? এসব প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।
এখানেই একটি মৌলিক পার্থক্য পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক সংলাপ এবং অপরাধের দায়মুক্তি এক বিষয় নয়। কোনো দলের সমর্থক থাকলেই সেই দলের নেতৃত্বের অপরাধের বিচার বন্ধ হয়ে যায় না। গণতন্ত্রে রাজনৈতিক অংশগ্রহণের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচারও অপরিহার্য। বিচার ছাড়া পুনর্মিলনের আহ্বান বরং নতুন সংকট তৈরি করতে পারে।
আজকের রাজনৈতিক সংকট কেন তৈরি হলো? অনেকেই মনে করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে এই পরিস্থিতি তৈরি হতো না। কথাটির গুরুত্ব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা ছিল না। এটি ছিল রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসানের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণও সংস্কারের পক্ষে মত দিয়েছে।
বিএনপি সরকারকে বুঝতে হবে, জাতীয় ঐক্য শুধু বক্তৃতা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য প্রয়োজন আস্থা, প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগের সহিংসতা ঠেকাতে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্য প্রয়োজন। কিন্তু সেই ঐক্য যেন ক্ষমতার সুবিধা আদায়ের সাময়িক কৌশলে পরিণত না হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যিই ফ্যাসিবাদবিরোধী ঐক্য চান, তাহলে তাকে প্রথমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অপরাধের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করতে হবে।
মনে রাখতে হবে, স্বৈরাচার ও ফ্যাসিবাদ এক নয়। স্বৈরাচার মূলত ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু ফ্যাসিবাদ একটি ধ্বংসাত্মক ও বিভাজনমূলক আদর্শের ওপর দাঁড়িয়ে থাকে। এটি ভিন্নমতকে সহ্য করে না। রাষ্ট্র ও সমাজকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুধু একটি রাজনৈতিক দলকে প্রতিহত করার লড়াই নয়। এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার লড়াই।
২০২৪ সালের জুলাইয়ে মানুষ জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নতুন কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের চেতনা আবার বিপন্ন হবে। বিএনপির সামনে এখন বড় সুযোগ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলটি যদি সত্যিকার অর্থে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চায়, তাহলে কথার চেয়ে কাজে তার প্রমাণ দিতে হবে।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন