প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়ার পর মস্কো চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এস্তোনিয়ার এই পদক্ষেপ ও অন্যান্য কর্মকাণ্ডকে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, এস্তোনিয়া রাশিয়ার এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছে।
আরব নিউজের তথ্য অনুযায়ী, এস্তোনিয়া আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের ক্রসিংগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। এই নিষেধাজ্ঞা অন্তত ছয় মাস কার্যকর থাকবে। তালিন অভিযোগ করেছে যে, একটি এস্তোনীয় প্রতিরক্ষা সংস্থায় অগ্নিসংযোগের চেষ্টা সাজানোর পেছনে রুশ নিরাপত্তা বাহিনীর হাত রয়েছে। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে।
সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে সোমবার (২৩ নভেম্বর) মস্কোতে নিযুক্ত এস্তোনিয়ার শীর্ষ কূটনীতিককে (চার্জ ডি অ্যাফেয়ার্স) তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক আচরণ দুই দেশকে প্রকাশ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় যেকোনো কঠোর রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে বলেও সতর্ক করা হয়েছে।
রাশিয়া অভিযোগ করেছে যে, এস্তোনিয়া ইউক্রেনকে রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য গোপনে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। এছাড়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা, রুশ ভাষার ওপর বিধি-নিষেধ আরোপের চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার নিজেদের রয়েছে বলেও উল্লেখ করেছে।
অন্যদিকে, ইউক্রেনের সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এস্তোনিয়া কখনোই কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। এ অঞ্চলের অন্যান্য দেশগুলোও একই অবস্থান জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা বলেছেন, "রাশিয়া এস্তোনিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে, যা ইউরোপীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা নিজেদের কর্মকাণ্ড থেকে মানুষের মনোযোগ সরানোর একটি চেষ্টা।"
এস্তোনিয়ার পাশাপাশি বাল্টিক অঞ্চলের অন্যান্য ন্যাটো সদস্যের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ করে আসছে রাশিয়া। মস্কো দাবি করেছে যে, ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। তবে ন্যাটো সদস্য দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়ার কর্মকাণ্ডের কারণেই এসব ড্রোন ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে।
এ পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। বার্লিনে দেওয়া এক ভাষণে জোটের মহাসচিব মার্ক রুটে এস্তোনিয়ার পরিস্থিতি এবং গত সপ্তাহে পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ তুলে ধরেন।
রুটে বলেন, "পোল্যান্ড ও এস্তোনিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাটো। জোটের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন