প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে আইনি বিরোধ একটি নতুন মোড় নিয়েছে।
তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠিত হওয়ার দাবি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সমাপন করা হয়। অভিযোগ করা হয়েছে যে, এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। তার পরিবর্তে আদালতে হাজির ছিলেন তার আইনজীবী।
এই বিষয় নিয়ে তনয় শাস্ত্রী মন্তব্য করেন, 'একদিনও মিমি চক্রবর্তী আদালতে আসেননি। গত ২ জুন মিমির পরিবর্তে আদালতে এসেছিলেন তাঁর আইনজীবী। তিনি একের পর এক তারিখ নিয়ে যাচ্ছেন আদালতের কাছ থেকে। এইভাবে তিনি গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে আমার আইনজীবী এবং বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে।'
তনয়ের অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগের ফলে তাকে জেলেও যেতে হয়েছে। তাই তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।
তিনি বলেন, 'মিমি অন্যায় করেছেন তার শাস্তি ওকে পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে ওকে। আমিও এর শেষ দেখে ছাড়বো। উনি অপরাধ করেছেন। বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছেন। এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে।'
ঘটনার সূত্রপাত হয় বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের বক্তব্য, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অনুষ্ঠানে উপস্থিত হন মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর দাবি অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময় শেষ হয়ে আসায় তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করেছিলেন।
তনয়ের ভাষ্য, তিনি কোনো অসম্মানজনক আচরণ করেননি। কিন্তু অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে, সেই অভিযোগের ভিত্তিতে তনয়কে গ্রেপ্তার করা হয়।
পরে জামিনে মুক্ত হয়ে মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দুটি মামলা দায়ের করেন তনয় শাস্ত্রী। মামলাগুলোর মধ্যে একটি মানহানি এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য অগ্রিম দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত পেতে চান তনয়।
আইনি এই জটিলতার প্রেক্ষাপটে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে পুনরায় আসছেন মিমি চক্রবর্তী। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে তার অভিনীত সিরিজ 'কুইনস'। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজের কাহিনী চার বিধবার প্রতিশোধের গল্প নিয়ে আবর্তিত হবে। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার ও টিজার প্রকাশ পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন