প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পবিত্র রমজান মাসের প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ১১টি পণ্যের আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ প্রদান করেছে।
বাংলাদেশ ব্যাংক বুধবার (১১ নভেম্বর) বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এর মাধ্যমে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এই সুবিধার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান উল্লেখ করেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেগুলোর বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগেই পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।
তিনি আরও বলেন, ‘আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।’
আরিফ হোসেন খান আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে আগ্রহী আমদানিকারকরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। যদি তারা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করেন, তবে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং পণ্যমূল্য বৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনার বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন