০৭:৫১ পি.এম
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা প্রশাসন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, পর্যটন বিকাশ এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক উল্লেখ করেন, চট্টগ্রামে যোগদানের পর থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই মাসের মধ্যে একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুতর দায়িত্ব ছিল সরকারি কর্মচারীদের। নির্বাচনের পর জঙ্গল সলিমপুরের মতো জটিল সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এছাড়া আকস্মিক বন্যা, বিভিন্ন উৎসব ও জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার দায়িত্বও পালন করতে হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের
তিনি বলেন, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন শতভাগ স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট রয়েছে। বিশেষ করে গত এক বছরে এবং সর্বশেষ দুই মাসে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দুটি সফর জেলা প্রশাসনসহ পুরো চট্টগ্রামের প্রশাসনিক পরিবারকে অনুপ্রাণিত করেছে।
জেলা প্রশাসক চট্টগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ জেলার নিজস্ব ঐতিহ্য ও বর্তমান বাস্তবতার সমন্বয়ে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। জেলা প্রশাসন তরুণ ও মেধাবী প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং শিক্ষার মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কয়েক প্রজন্ম ধরে জেলে পরিবারগুলোর জীবনযাত্রায় যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটিয়ে ওঠার অন্যতম মাধ্যম হতে পারে শিক্ষা।
চট্টগ্রামকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও
তিনি বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেম নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলা প্রশাসনের প্রতিটি কর্মকর্তার মধ্যে পেশাগত দক্ষতা ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চাই। নাগরিকরা যেন দ্রুত ও সময়মতো সরকারি সেবা পান, সীমিত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার হয় এবং প্রতিটি সেবা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই কাজ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এ সময় তিনি সাংবাদিকদের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণের চুক্তি স্বাক্ষর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন