প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান সরকার জ্বালানি খাতে স্বচ্ছতা আনা, অপচয় রোধ এবং ব্যয়ের লাগাম টানার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নেওয়া জ্বালানি খাত সংস্কারের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন আটটি কোম্পানিকে কমিয়ে পাঁচটি কোম্পানি করা হচ্ছে। প্রস্তাবনা অনুযায়ী, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল পিএলসিকে একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) অধীনে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে পদ্মা অয়েল কোম্পানি পিএলসি, এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি আগের মতোই কার্যক্রম পরিচালনা করবে। তবে ইএলবিএল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় এগুলো একীভূতকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
জ্বালানি তেলের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব কার্যক্রম বিপিসির তত্ত্বাবধানে পরিচালিত হয়। জ্বালানি তেল আমদানি, পরিশোধন, সংরক্ষণ, বিক্রয়, বিপণন ও বিতরণের সম্পূর্ণ দায়িত্ব এই সংস্থার। বিপিসির অধীনে বর্তমানে আটটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল পরিশোধনাগার। এটি আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের চাহিদা পূরণ করে। পদ্মা, যমুনা ও মেঘনা পেট্রোলিয়াম একই ধরনের কাজ করে এবং দেশের বিভিন্ন স্থানে ডিপো ও বিক্রয়কেন্দ্রের মাধ্যমে জ্বালানি তেল বিপণনের দায়িত্ব পালন করে। লুব্রিকেটিং অয়েল ও গ্রিজ উৎপাদন এবং বাজারজাত করে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি। এলপিজিএল বোতলজাত তরলীকৃত গ্যাস সরবরাহ করে। লুব্রিকেন্ট উৎপাদন ও বাজারজাত করে ইএলবিএল। তেল পরিবহনের জন্য নির্মিত পাইপলাইন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে পেট্রোলিয়াম পরিবহন কোম্পানি।
জানা গেছে, এসব কোম্পানির প্রতিটিরই রয়েছে পৃথক জনবল কাঠামো। যদিও একই ধরনের কাজ করে, তবুও পৃথকভাবে হিসাব রক্ষণাবেক্ষণ করে। প্রশাসন, হিসাব, নিরাপত্তাসহ বেশ কিছু কাজ আলাদাভাবে করতে গিয়ে বাড়তি জনবলের প্রয়োজন হচ্ছে। ফলে খরচের বাড়তি বোঝা বহন করতে হচ্ছে। এসব কারণে বিপিসিকে পাঠানো চিঠিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে বিপিসিকে তার অধীন কোম্পানিগুলোর বিদ্যমান জনবল কাঠামো কার্যভার অনুযায়ী পুনর্বিন্যাস করতে বলা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে নতুন কোনো পদ সৃষ্টি না করার এবং বিদ্যমান পদ বিলুপ্ত করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের।
বিপিসি ও এর অধীন কোম্পানিগুলোর জনবল, কর্মপরিধি ও সাংগঠনিক কাঠামো যৌক্তিকীকরণের লক্ষ্যে গত বছরের ১১ ফেব্রুয়ারি সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। দীর্ঘ পর্যালোচনার পর ওই বছরের ৮ ডিসেম্বর সংস্কারসংক্রান্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এর সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিপিসির অধীন কোম্পানিগুলোর নিয়োগ নীতিমালা ও বিধিবিধান যাচাই-বাছাইয়ের জন্য নতুন কমিটি গঠন এবং কর্মকর্তাদের বদলি ও পদায়ন সংযুক্তকরণের মতো প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।
সংস্কারের মূল লক্ষ্য ছিল বিপিসির অধীন থাকা আটটি কোম্পানির কাজের দ্বৈততা কমানো এবং জনবল কাঠামো আধুনিকায়ন করা।
এদিকে, জ্বালানি খাত সংস্কারের চলমান উদ্যোগ সব মহলে প্রশংসিত হলেও কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চাপা আতঙ্ক কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, "আমরাও সংস্কার চাই। তবে সংস্কারের নামে কর্মীদের স্বার্থ যেন খর্ব না হয়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে।" একাধিক কোম্পানি একীভূত করতে গিয়ে কেউ যেন চাকরি না হারান, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
কর্মীদের আতঙ্কের জবাবে বিপিসি চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, "সংস্কার করলে কোনো কর্মী চাকরিচ্যুত হবেন না। কারো বেতন কমবে না এবং পদাবনতিও হবে না।" তিনি জানান, বিপিসির অধীন কোম্পানিগুলোয় অনেক শূন্যপদ রয়েছে এবং সবাইকে নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী পদায়ন করা হবে। পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ইস্যুগুলো প্রচলিত নিয়মে এবং আদালতের নির্দেশনার আলোকে সমাধান করা হবে।
জ্বালানি খাত সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বলেন, "একই কাজ করা একাধিক প্রতিষ্ঠান এক ছাতার নিচে এলে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয় এবং ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির সুযোগ পায়।" সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সংস্কারের প্রতিটি ধাপ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "জ্বালানি খাতে স্বচ্ছতা আনা জাতির স্বার্থে অনেক বেশি জরুরি।"
এদিকে, জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী, অধীনস্থ কোম্পানিগুলোর শীর্ষ পদে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে চলতি বছরের জুনে বিপিসির আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী পুনর্গঠন প্রক্রিয়া চলাকালে বিপিসির অধীন কোম্পানিগুলোতে নতুন কোনো পদ সৃষ্টি করা যাবে না এবং বিদ্যমান কোনো পদ বিলুপ্ত বা আপগ্রেড (উন্নীতকরণ) করা যাবে না। এছাড়া সব কোম্পানির নিয়োগ প্রক্রিয়ায় অভিন্নতা আনতে গত ৫ নভেম্বর কোম্পানিগুলোর নিয়োগ নীতিমালা ও প্রবিধানমালা যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে, যা কোম্পানিগুলোর নিজস্ব সার্ভিস রুলস পর্যালোচনা করে সমন্বিত কাঠামো তৈরির কাজ করছে।
একীভূতকরণের ফলে কর্মীদের পদ, পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে উদ্বেগ তৈরি হলেও মন্ত্রণালয় ও বিপিসি সূত্রে জানানো হয়েছে, কোনো স্থায়ী কর্মী ছাঁটাই না করে তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সমন্বয় করার নীতি অনুসরণ করা হবে।
এদিকে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের একীভূতকরণের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি জটিলতা রয়েছে। প্রক্রিয়াটি বেশ জটিল এবং সাধারণ বিনিয়োগকারীদের ওপর এর সরাসরি আর্থিক প্রভাব রয়েছে। তারা বলছেন, যেহেতু মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি, তাই কেবল মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশে এ দুটি প্রতিষ্ঠান একীভূত করা সম্ভব নয়। এজন্য কোম্পানি আইন, ১৯৯৪-এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী একীভূতকরণের একটি পূর্ণাঙ্গ খসড়া স্কিম তৈরি করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করতে হবে।
এছাড়া নতুন শেয়ার ইস্যু, শেয়ার বিনিময় অনুপাত এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদন বাধ্যতামূলক। আদালতের নির্দেশনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থিত শেয়ারহোল্ডার ও পাওনাদারদের অন্তত ৭৫ শতাংশ মূল্যের ভোটে এই একীভূতকরণ প্রস্তাব পাস হতে হবে। বাজারের একচেটিয়া আধিপত্য যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র এবং সম্পদ হস্তান্তরে মূলধনি মুনাফা কর এড়াতে আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুসরণ করতে হবে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, পদ্মা অয়েলের ৫০.৩৫%, মেঘনা পেট্রোলিয়ামের ৫৮.৬৭% এবং যমুনা অয়েলের ৬০.০৮% শেয়ার সরকারের হাতে রয়েছে। বাকি শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। আর্থিক সংকটে পড়া কয়েকটি দুর্বল ব্যাংকে এই তিন তেল কোম্পানির প্রায় ২,৬০০ কোটি টাকার আমানত আটকে আছে। একীভূতকরণের সময় এই অনাদায়ী আমানত ও সুদের আয় দুই কোম্পানির সম্পদ মূল্যায়নে বড় প্রভাব ফেলবে।
মেঘনা ও যমুনা এক হলে প্রশাসনিক ব্যয় কমবে এবং ডিপো ও পরিবহন নেটওয়ার্কের দ্বৈততা দূর হবে। একীভূতকরণের পর দুটি কোম্পানির মধ্যে একটি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হবে এবং অন্যটির অধীন নতুন শেয়ার যুক্ত হবে। তবে দুই কোম্পানির বর্তমান লভ্যাংশ দেওয়ার হার ও রিজার্ভ ভিন্ন হওয়ায় একীভূত কোম্পানির ভবিষ্যৎ লভ্যাংশ নীতিতে সমন্বয় আসবে বলে আশাবাদ বিশেষজ্ঞদের। যদিও একীভূতকরণের চূড়ান্ত ভ্যালুয়েশন বা শেয়ার সোয়াপ রেশিও প্রকাশিত না হওয়া পর্যন্ত বাজারে গুজবের ভিত্তিতে শেয়ারের দামে অস্থিরতা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন