সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় সংরক্ষিত মুহাম্মদ আলী জিন্নাহর একটি বিতর্কিত ছবি ভেঙে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামের এক শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি সংগ্রহশালায় গিয়ে ছবির ফ্রেম ভেঙে সেটি ছিঁড়ে ফেলেন।
আবু তৈয়ব ডাকসু নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ ভিপি (সহ-সভাপতি) প্রার্থী হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের ছাত্র। ছবিটি স্থাপন করার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছিল।
ছবি ভাঙার আগে আবু তৈয়ব হাবিলদার মন্তব্য করেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে তিনি বলেন যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’
তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং উনার নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মধুপুর সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক। এ সময় মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নায়ন ইসলাম, নাজমুল ইসলাম ও মেরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর পুলিশ প্রীতম এরিক (পিতু) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন জেলে পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত প্রীতম এরিক (৪৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত টমটমের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যায়। এ সময় টমটমের চালক প্রীতম এরিক নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি। প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘নিখোঁজ চালককে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ডুবুরি দল অভিযান চালিয়েছে। তবে তখন তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার দুপুরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় যুবদলের নেতা ফারুক আহমেদ (৪০) নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরশহরের চন্দগাতী গ্রামের মৃত জমির উদ্দিন ভুইয়ার পুত্র ছিলেন। তিনি কেন্দুয়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক সকালে মোটরসাইকেল নিয়ে কেন্দুয়া থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। মদনপুর এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন (ইসি) সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
এই কমিশনার পরিকল্পনার বিষয়টি স্পষ্ট করে বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে কমিশন সম্পন্ন করবে।
আইন সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনের নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তবে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ